২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিড বিপর্যয়ে খুলনা বিভাগে এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

মঙ্গলবার সকাল ৯টা ২ মিনিটে বিদ্যুতের জাতীয় গ্রিড লাইনে সমস্যা দেখা দেয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2022, 05:28 PM

Updated : 06 Sep 2022, 05:28 PM

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিভ্রাটের কারণে খুলনা বিভাগে এক ঘণ্টারও বেশি বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা ২ মিনিটে বিদ্যুতের জাতীয় গ্রিড লাইনে সমস্যা দেখা দেয়, এরপর বিভাগের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে জানান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) খুলনা সদর দপ্তরের প্রধান প্রকৌশলীর দপ্তরের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন।

তিনি বলেন, “মঙ্গলবার সকাল ৯টা ২ মিনিটে হঠাৎ খুলনা বিভাগের বিভিন্ন গ্রিডে একযোগে বিদ্যুতের সরবরাহ কমে বিদ্যুৎহীন হয়ে পড়ে। আশপাশের জেলায় খোঁজ নিয়ে একই অবস্থার কথা জানা যায়। ১০টা ১০ মিনিটে ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক হয়।”

দেশের বিভিন্ন জায়গায় প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদিত হয় এবং তা গ্রিডের মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে উল্লেখ করে রুহুল আমিন বলেন, পদ্মার এ পাড়ের ২১ জেলার শহর অঞ্চলে গ্রাহক সংখ্যা প্রায় ১৪ লাখ ২৮ হাজার। খুলনায় আমাদের গ্রাহক আছে প্রায় দুই লাখ ৪৫ হাজার।

২১ জেলায় মোট ৫৮০ মেটাওয়াট বিদ্যুৎ লাগে। এর ঘাটতি আছে ৩০ থেকে ৩৫ মেটাওয়াট। আর খুলনায় ঘাটতি আছে ১২ মেগাওয়াট। এটা একই থাকে না, ওঠানামা করে বলে জানান প্রকৌশলী রুহুল আমিন।

বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ায় রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দেশের বিস্তীর্ণ এলাকা ৪০ মিনিট থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎহীন ছিল বলে জানান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) মুখপাত্র এ বি এম বদরুদ্দোজা সুমন।

সকাল ৯টা ৪ মিনিটে সঞ্চালন লাইন ‘ট্রিপ করলে’ জটিলতা তৈরি হয়। এর ফলে বরিশাল, খুলনা ও রাজশাহী জোন এবং বৃহত্তর ফরিদপুর জেলা বিদ্যুৎহীন হয়ে যায়।

পিজিসিবি মুখপাত্র জানান, মেরামত শুরু হওয়ার পর ৯টা ৪০ মিনিটে রাজশাহীতে, ১০টা ১০ মিনিটে খুলনায় এবং ১০টা ৩০ মিনিটে বরিশালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

ঠিক কোথায় ত্রুটির কারণে এই সমস্যা হয়ছিল, তা খোঁজার চেষ্টা চলছে বলে জানান পিজিসিবির মুখপাত্র।

আরও পড়ুন: