বরিশাল বিভাগের ৬ জেলা ২ ঘণ্টা বিদ্যুৎহীন
নির্বাহী প্রকৌশলী বলেন, প্রথম পর্যায়ে কম বিদ্যুৎ পাওয়ায় সব স্থানে সরবরাহ শুরু করা যায়নি।
জাতীয় গ্রিডে বিভ্রাটের কারণে বরিশাল বিভাগের ছয় জেলার গ্রাহকরা দুই ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।
দুটি উৎপাদন কেন্দ্র থেকে আসা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত গ্রাহকরা সংযোগ পাননি বলে পাওয়ার গ্রিড অব কোম্পানি লিমিটেড বাংলাদেশের (পিজিসিবি) বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান পলাশ জানান।
তিনি আরও বলেন, “সকাল ৯টা ৩ মিনিটে বরিশালের পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র এবং ভোলার ২২৫ মেগাওয়াট গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট ও ৯৫ মেগাওয়াট এজিকো পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে যায়। এতে বরিশালের ছয় জেলায় বিদ্যুৎ সঞ্চালন ও সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
সকাল ১০টা ৫৪ মিনিট থেকে বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হয় জানিয়ে পিজিসিবি বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী বলেন, “কিন্তু প্রথম পর্যায়ে কম বিদ্যুৎ পাওয়ায় সব স্থানে সরবরাহ শুরু করা যায়নি। এজন্য লোড শেডিং করতে হয়েছে।“
“ধারণা করা হচ্ছে, কুষ্টিয়ার ভেড়ামারার সোর্স লাইন আউট হওয়ায় বরিশালে ট্রিপ করে এ সমস্যা হয়।“
এদিকে বিদ্যুৎহীন থাকলেও বরিশাল-শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অস্ত্রোপচারসহ জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হয়নি বলে জানিয়েছেন পরিচালক ডা. এস এম সাইফুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকল্প ব্যবস্থায় জেনারেটরের মাধ্যমে হাসপাতালের সব অস্ত্রোপচার কক্ষ চালু রাখা ছিলো। কোনো অস্ত্রোপচার বাতিল করা হয়নি।
বরিশাল জেলা সিভিল সার্জন মারিয়া হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসের প্রতিষেধক টিকা সংরক্ষণ ব্যবস্থা জেনারেটরের মাধ্যমে সচল রাখা হয়েছে। কোনো সমস্যা হয়নি।”
তবে ভাদ্রের দুঃসহ গরমে এ অঞ্চলের সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।
বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ায় রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দেশের বিস্তীর্ণ এলাকা ৪০ মিনিট থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎহীন ছিল বলে জানান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) মুখপাত্র এ বি এম বদরুদ্দোজা সুমন।
সকাল ৯টা ৪ মিনিটে সঞ্চালন লাইন ‘ট্রিপ করলে’ জটিলতা তৈরি হয়। এর ফলে বরিশাল, খুলনা ও রাজশাহী জোন এবং বৃহত্তর ফরিদপুর জেলা বিদ্যুৎহীন হয়ে যায়।
পিজিসিবি মুখপাত্র জানান, মেরামত শুরু হওয়ার পর ৯টা ৪০ মিনিটে রাজশাহীতে, ১০টা ১০ মিনিটে খুলনায় এবং ১০টা ৩০ মিনিটে বরিশালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
ঠিক কোথায় ত্রুটির কারণে এই সমস্যা হয়ছিল, তা খোঁজার চেষ্টা চলছে বলে জানান পিজিসিবির মুখপাত্র।
আরও পড়ুন:
