২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীসহ তিন জেলায় বিদ্যুৎ বিভ্রাট, ৪০ মিনিট অন্ধকারে

৪০ মিনিট পর কোথাও কোথাও বিদ্যুৎ ফিরেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2022, 03:00 PM

Updated : 06 Sep 2022, 03:44 PM

জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের গ্রাহকরা ৪০ মিনিট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত তিন জেলায় নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) আওতাধীন এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়। ৪০ মিনিট পর কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, নেসকো বিদ্যুৎ সরবরাহ পেয়ে থাকে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ ( পিজিসিবি) থেকে। তাদের গ্রিডে সমস্যা হয়েছে। তবে কী সমস্যা তারাই বলতে পারবেন।

তিনি আরও বলেন, “৪০ মিনিট বন্ধ থাকার পর ১০টার দিকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু জয়। প্রথমে চাহিদার মাত্র ১০ ভাগ বিদ্যুৎ পাওয়া যায়। পরে তা বাড়তে থাকে।

“রাজশাহী মহানগরীতে ৮০ মেগাওয়াটের চাহিদার বিপরীতে দুপুর ২টার দিকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে। এ কারণে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।”

গ্রিড এখনও স্বাভাবিক হয়নি উল্লেখ করে নেসকোর প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, রাজশাহী বিভাগে আমাদের চাহিদা ছিল ৩৪৮ মেগাওয়াট। দুপুর ২টার দিকে আমরা পেয়েছি ২৭৪ মেগাওয়াট। এ কারণে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ায় রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দেশের বিস্তীর্ণ এলাকা ৪০ মিনিট থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎহীন ছিল বলে জানান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) মুখপাত্র এ বি এম বদরুদ্দোজা সুমন।

সকাল ৯টা ৪ মিনিটে সঞ্চালন লাইন ‘ট্রিপ করলে’ জটিলতা তৈরি হয়। এর ফলে বরিশাল, খুলনা ও রাজশাহী জোন এবং বৃহত্তর ফরিদপুর জেলা বিদ্যুৎহীন হয়ে যায়।

পিজিসিবি মুখপাত্র জানান, মেরামত শুরু হওয়ার পর ৯টা ৪০ মিনিটে রাজশাহীতে, ১০টা ১০ মিনিটে খুলনায় এবং ১০টা ৩০ মিনিটে বরিশালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

ঠিক কোথায় ত্রুটির কারণে এই সমস্যা হয়ছিল, তা খোঁজার চেষ্টা চলছে বলে জানান পিজিসিবির মুখপাত্র।

আরও পড়ুন:

পুরনো খবর:

গ্রিড বিপর্যয়: দেশের এক তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট