২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কিশোর খুন

পরিবারের পক্ষে খরচ বহন করা সম্ভব না হওয়ায় চিকিৎসা নেওয়ার পাশাপাশি নিরাময় কেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করত রহমান।

জয়পুরহাটে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কিশোর খুন

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2023, 02:16 PM

Updated : 30 May 2023, 02:16 PM

জয়পুরহাট জেলা শহরের গুলশান মোড় এলাকায় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টায় জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সোমবার রাতের কোনো এক সময়ে এন এ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের রান্নাঘরে কিশোরকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। 

নিহত আব্দুর রহমান (১৫) সদর উপজেলার সগুনা চারমাথা এলাকার দুলু মিয়ার ছেলে। সে জয়পুরহাট পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। 

ওসি সিরাজুল জানান, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটি ভবনটির চতুর্থ তলায় অবস্থিত। আর রান্নাঘরটি ওই ভবনের নিচতলায়। মঙ্গলবার সকালে নিরাময় কেন্দ্রের পরিচালক পিটার সরকার সেখানে রহমানের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। 

তিনি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এন এ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক পিটার সরকার জানান, ২ বছর আগে শিশুটি মাদকাসক্ত হয়ে পড়লে তার বাবাসহ পরিবারের সদস্যরা তাকে ওই নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়ে দেন।

ভর্তির পর চিকিৎসা নিয়ে আব্দুর রহমান সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল। কিন্তু কিছু দিন পর ফের মাদকাসক্ত হয়ে পড়লে আবারও তাকে এই নিরাময় কেন্দ্রে ভর্তি করে দেওয়া হয়।

এক পর্যায়ে আব্দুর রহমানের লেখাপড়া বন্ধ হয়ে যায়। অন্যদিকে তার পরিবারের পক্ষে চিকিৎসা খরচ বহন করাও সম্ভব হচ্ছিল না। তাই সে চিকিৎসা নেওয়ার পাশাপাশি নিরাময় কেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করত। 

এ অবস্থায় সোমবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান নিরাময় কেন্দ্রের পরিচালক পিটার।  

ওসি সিরাজুল ইসলাম জানান, নিরাময় কেন্দ্রে মোট ১০ জন মাদকাসক্ত চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে আবু জাফর (৩০) নামে একজন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন, তাকে ধরতে পুলিশী অভিযান চলছে। 

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর, পলাতক ব্যক্তিকে আটক ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কর্তৃপক্ষকে জ্ঞিাসাবাদসহ তদন্ত শেষে রহমানের মৃত্যুর রহস্য জানা যাবে বলেও জানান ওসি।