০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

নিরাময় কেন্দ্রে পাঠানো নিয়ে বিরোধে ‘ছেলের ছুরিকাঘাতে’ নিহত মা

আহত বাবাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 11:48 AM

Updated : 14 Oct 2026, 01:13 PM

কুড়িগ্রাম সদরের মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে এক নারী নিহত এবং তার স্বামী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার ভোরে বেলগাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন জানান।

নিহত ৫৬ বছর বয়সী মুনিরা বেগম ওই এলাকার অবসরপ্রাপ্ত টেক্সটাইল প্রকৌশলী সরদার আলীর স্ত্রী।

আহত ৫৬ বছর বয়সী সরদার আলীকে প্রথমে কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর থেকে নিহতের ছেলে মোস্তাকিন আলম সুমন (৩৫) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা বলছে, মাদকাসক্ত সুমনকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠান তার বাবা-মা। তবে প্রতিবারই সেখান থেকে পালিয়ে আসে সে। আবারও তাকে নিরাময় কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন বাবা-মা। এ নিয়ে তাদের সঙ্গে সুমনের মনোমালিন্য চলছিল।

বুধবার ভোরে সিরাজগঞ্জের একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা সুমনকে নিতে তাদের বাড়িতে অপেক্ষা করছিলেন। বিষয়টি বুঝতে পেরে ঘর থেকে বেরিয়ে বাড়িতে থাকা ছুরি দিয়ে মায়ের বুকে আঘাত করে সুমন। এ সময় বাবা এগিয়ে এলে তার পেটেও ছুরিকাঘাত করে। এরপর সুমন পালিয়ে যায়।

এ সময় মাদক নিরাময় কেন্দ্রের লোকজন গুরুতর আহত এই দম্পতিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক মুনিরা বেগমকে মৃত ঘোষণা করেন।

খলিলগঞ্জ কারিগরি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাদের বলেন, “সুমন মাদকাসক্ত হওয়ায় তার কলেজশিক্ষক বড় ভাই বাড়ি ছেড়ে অন্য জায়গায় ভাড়া থাকেন। যে মা ছেলেকে আগলে রেখেছিলেন, সেই মাকেই তার হাতে প্রাণ হারাতে হলো। বাবার অবস্থাও আশঙ্কাজনক।”

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “সব জায়গায় মাদকে সয়লাব। মাদকের সহজলভ্যতার কারণে তরুণ ও যুবক আসক্ত হয়ে পড়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনাও মাদকের কারণেই ঘটেছে। আমরা সবাই অনিরাপদ হয়ে পড়ছি।”

সুমনকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে জানিয়ে ওসি কামাল বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।