গাজীপুরে জঙ্গলে পড়েছিল অটোচালকের গলাকাটা মরদেহ
অজ্ঞাত পরিচয় ছিনতাইকারীরা চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে বলে ধারণা পুলিশের।
গাজীপুরের কালিয়াকৈরে জঙ্গল থেকে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার বরাব এলাকায় মরদেহটি পাওয়া যায় বলে জানিয়েছেন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম।
নিহত ২৩ বছর বয়সি সাদ্দাম হোসেন পাবনার ঈশ্বরদী উপজেলার আলতাপাড়া গ্রামের হাতেম মোল্লার ছেলে। তিনি কালিয়াকৈরের মৌচাক ভান্নাড়া পূর্বপাড়ায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন।
পরিদর্শক শহিদুল বলেন, বৃহস্পতিবার সাদ্দাম অটোরিকশা নিয়ে বাসা হতে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাননি। সকালে স্থানীয়রা উপজেলার বরাব এলাকায় জঙ্গলে এক যুবকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
খবর পেয়ে সাদ্দামের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন বলে তিনি জানান।
অজ্ঞাত পরিচয় ছিনতাইকারীরা চালককে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন এই পুলিশ কর্মকর্তা।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পরিদর্শক শহিদুল।
