অভিযানের সময় হাতবোমা ফাটিয়ে পালালো মাদকের ২ আসামি
তারা মাদক ও অস্ত্র মামলার আসামি।
নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের সময় হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে অস্ত্রধারী দুই মাদকের আসামি পালিয়ে গেছে।
বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের কোয়ারিয়া গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান।
পলাতকরা হলেন-কোয়ারিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. সবুজ ও একই গ্রামের আবুল কালামের ছেলে মাইন উদ্দিন।
মাইন ও সবুজের বিরুদ্ধে মাদক এবং অস্ত্র আইনে মামলা রয়েছে বলে মোহাম্মদ আবদুল হামিদ জানান।
তিনি বলেন, সবুজের কাছে বিক্রির জন্য কক্সবাজার থেকে সাত হাজার ইয়াবা আনা হয়েছে খবর পেয়ে অভিযান পরিচালনা করেন তারা। এ সময় সবুজ অস্ত্র ও মাদক নিয়ে তার সহযোগী মাইনের বাড়িতে পালিয়ে যায়। খবর পেয়ে তারা মাইনের বাড়ির দিকে অগ্রসর হন। এ সময় সবুজ ও মাইন হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি একটি এলজি, একটি রাইফেল, ১১টি কার্তুজ, গুলি ও ৬৫টি ইয়াবা উদ্ধারের খবরও জানান মাদক অধিদপ্তরের এ কর্মকর্তা।
আবদুল হামিদ আরও বলেন, সবুজ ও মাইনকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
