১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সুন্দরবনের ৮ জলদস্যু অস্ত্রসহ আটক: র‌্যাব

র‌্যাব ৬ কমান্ডার জানান, গত ২৩ জুলাই সুন্দরবনের ভদ্রা নদীতে বেশ কয়েকজন জেলেকে জলদস্যুরা অপহরণ করেছিল।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 07:49 PM

Updated : 13 Aug 2023, 07:49 PM

সুন্দরবনের আসাবুর বাহিনীর প্রধানসহ আট জলদস্যুকে দেশি-বিদেশি অস্ত্রসহ আটকের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। 

রোববার দুপুরে র‌্যাব ৬ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

এর আগে শনিবার রাতে খুলনার দাকোপ ও মোংলার ইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন: আসাবুর সানা (৪৩), মো. শরিফুল ঢালী (৩৭), মো. শাহিন সানা (২৭), মো. ইস্রাফিল সানা (২৭), মো. শফিকুল ইসলাম (৩০), মো. রাকিব ফরাজি (২২), সোহান মৃধা (১৯), মো. আকবর আলী শেখ (২৫)। 

তারা খুলনা, বাগেরহাট ও নড়াইল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। 

সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার মঈন বলেন, গত ২৩ জুলাই সুন্দরবনের ভদ্রা নদীতে বেশ কয়েকজন জেলেকে জলদস্যুরা অপহরণ করে মুক্তিপণ দাবি করে। 

র‌্যাব ৬ অভিযান চালিয়ে অপহরণের সঙ্গে জড়িত পাঁচ জলদস্যুকে গ্রেপ্তার এবং ১৪ জন জেলেকে উদ্ধার করে। 

গ্রেপ্তারদের দেওয়া তথ্যে অন্য দস্যুদের বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে র‌্যাব ৬ এর একটি দল অভিযান চালিয়ে আসাবুর সানাসহ তার বাহিনীর সদস্যদের আটক করে। 

এ সময়ে তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জলদস্যুতার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে। 

কমান্ডার মঈন আরও জানান, আসাবুর ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত সুন্দরবনের দস্যু আকাশ বাবুর মৃত্যুঞ্জয় বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন।

মৃত্যুঞ্জয় দেশ ছেড়ে গেলে আসাবুর বিভিন্ন স্থানে পালিয়ে থেকে ও অন্যান্য বাহিনীর সঙ্গে দস্যুতা করতেন। 

“তার কাছে একটি ডাবল ব্যারেল বন্দুক ছিল এবং পরে কোস্টগার্ড তা জব্দ করে। অস্ত্র মামলায় তিন বছর কারাভোগ করে ২০১৫ সালে জামিনে মুক্তি পান আসাবুর।” 

র‌্যাব আরও জানায়, ওই এলাকায় ছোট জাহাঙ্গীর নামে এক জলদস্যুর সহযোগী ছিলেন আসাবুর। ২০১৯ সালে জাহাঙ্গীর র‌্যাবের কাছে আত্মসমর্পণ করলেও আসাবুর আত্মসমর্পণ করেননি। 

চলতি বছরের ২০ জুলাই থেকে আসাবুর তার সহযোগীদের নিয়ে সুন্দরবনে চার দিন অবস্থান করেন। ২৩ জুলাই ১০ জেলেকে জিম্মি করে বিপুল পরিমাণ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রহণ করেন। 

ওই টাকা তোলার সঙ্গে জড়িত মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী রবিউলসহ অন্য আসামিদেরও র‌্যাব গ্রেপ্তার বলে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক জানান।