২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি: জিএম কাদের

“আমরা যতবার চেষ্টা করেছি ঘুরে দাঁড়ানোর, ততবারই বিভিন্নভাবে বাধা দিয়েছে আওয়ামী লীগ।”

৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি: জিএম কাদের

বগুড়ার জেলা জাতীয় পার্টির সম্মেলনে বক্তব্য দেন দলের চেয়ারম্যান জিএম কাদের।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 11:40 PM

Updated : 30 Jul 2023, 11:40 PM

জাতীয় পার্টি আর কারও সঙ্গে জোট বেঁধে নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। 

তিনি বলেন, “এই দেশে এখন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দরকার। জাতীয় পার্টি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায়। এজন্য আসন্ন নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি।” 

রোববার দুপুরে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সম্মেলনে এসব কথা বলেন জিএম কাদের। 

বর্তমান সরকার নিজেদের লোক দিয়ে নির্বাচন ব্যবস্থা ঢেলে সাজিয়েছে অভিযোগ করে তিনি বলেন, “জাতীয় রাজনীতি এখন সংঘাতময় পরিস্থতিতে চলে গেছে। সরকার গায়ের জোরে সংবিধান সংশোধন করে কতগুলো আইন করে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ নিজের কুক্ষিগত করেছে।” 

তিনি বলেন, “জাতীয় পার্টি এদেশের মানুষের হয়ে কাজ করে। জাতীয় পার্টি ক্ষমতায় এসে মানুষের উন্নয়ন করেছে, দেশের উন্নয়ন করেছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। সেজন্য যত পরিশ্রম করতে হয় আমরা করব।” 

এসময় আওয়ামী লীগের নানা সমালোচনা করেন এই নেতা। 

আওয়ামী লীগ জাতীয় পার্টির সবচেয়ে বড় ক্ষতি করেছে এমন অভিযোগ করে তিনি বলেন, “আমরা যতবার চেষ্টা করেছি ঘুরে দাঁড়ানোর, ততবারই বিভিন্নভাবে বাধা দিয়েছে আওয়ামী লীগ। তারা প্রচার করেছে যে জাতীয় পার্টি দুইভাগে বিভক্ত। নানা ধরনের অপপ্রচার চালিয়েছে। বিভ্রান্তি ছড়িয়ে দিয়ে জাতীয় পার্টির উপর সাধারণ মানুষের আস্থা নষ্ট করে দিয়েছে।” 

বগুড়া জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ’র সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলাম ওমরের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।

আরও বক্তব্য দেন মহাসচিব মুজিবুল হক চুন্নু, অতিরিক্ত মহাসচিব শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য জহুরুল ইসলাম জহির, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম তালুকদার, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, যুগ্ম মহাসচিব গোলাম মুহাম্মাদ রাজু, বেলাল হোসেন, বগুড়া জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব মন্টু পশারীসহ অন্যরা।