চাঁদপুরে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
চুরির পর মোটরসাইকেলগুলো মেঘনা নদীর চরাঞ্চলে বিক্রি করা হয়েছিল বলে জানায় পিবিআই।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরাঞ্চল থেকে আটটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
শুক্রবার উপজেলার মেঘনা নদীর পশ্চিমে এখলাছপুর ইউনিয়নের বোরচর এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।
সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল চুরি যাওয়ার ঘটনায় ২০ ডিসেম্বর চাঁদপুর সদর মডেল থানার হওয়া একটি মামলার সূত্র ধরে তদন্তে নামে পিবিআই।
এ ঘটনায় ২৩ ডিসেম্বর মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে জড়িত সন্দেহে মতলব উত্তর উপজেলার বাসিন্দা বাপ্পি (২১), হাসান আহাম্মেদ (২২) ও মো. রাজিবকে (২১) গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় পাঁচটি মোটরসাইকেল।
এসপি মোস্তফা কামাল আরও বলেন, গ্রেপ্তাররা পরে আরও বেশ কিছু তথ্য দেন। বৃহস্পতিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ও সহযোগিতায় এসআই আমিরুল ইসলাম মীরের নেতৃত্বে গঠন করা একটি দল বোরচর দ্বীপ এলাকা অভিযান চালায়। অভিযানে আটটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা মোটরসাইকেল চুরি করে নদীর ওই পাড়ে বিক্রি করে আসছিল বলে পুলিশকে জানায়।
আগের পাঁচটিসহ এ পর্যন্ত ১৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানান এসপি।
