বাগেরহাটে মাহেন্দ্রর ধাক্কায় ২ বাইক আরোহী নিহত
তারা তাদের গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় তিন চাকার যান মাহেন্দ্রর ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার দুপুর সোয়া ২টায় খুলনা-মাওয়া মহাসড়কে উপজেলার মূলঘর সরকারি শিশু সদনের (এতিমখানা) সামনে এ ঘটনা ঘটে বলে ফকিরহাট থানার এসআই সঞ্জীব কুমার পাল জানান।
নিহতরা হলেন- উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙা গ্রামের সরদার মোজাহার আলীর ছেলে সাকিব সরদার (২১) এবং একই গ্রামের মোহর আলীর ছেলে সাদিক হোসেন (২২)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সাকিব ও সাদিক তাদের গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। মাহেন্দ্রর (বেবি ট্যাক্সি) ধাক্কায় রাস্তায় ছিটকে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। মাহেন্দ্রর চালক পালিয়ে গেছেন।
মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানায় পুলিশ।
