২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতি করতে গিয়ে শিক্ষককে হত্যা, সহোদরসহ ৫ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্ববিরোধের জেরে ২০১২ সালের ১৯ এপ্রিল রাতে মাহবুবুলের বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 04:13 PM

Updated : 10 Aug 2023, 04:13 PM

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ডাকাতি করতে গিয়ে এক শিক্ষককে হত্যায় সহোদরসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুদীপ্তা সরকার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) সঞ্জীব সরকার সঞ্জু জানান।

দণ্ড পাওয়ারা হলেন- গফরগাঁও উপজেলার বাশিয়া গ্রামের সাফত আলীর ছেলে আব্দুর রশিদ (৪৫) ও আব্দুর রাশিদ (৪৮), একই এলাকার রজব আলীর ছেলে আবুল বাসার (৪৭), সেকান্দার আলীর ছেলে মো. জিন্নাহ (৭০) ও সিরাজ উদ্দিনের ছেলে মো. রাসেল (৪৬)।

মামলার বরাতে এপিপি সঞ্জীব সরকার বলেন, বাশিয়া গ্রামের শিক্ষক মাহবুবুল আলমের সঙ্গে আসামিদের পূর্ববিরোধ ছিল। এরই জেরে মাহবুবুল আলমের বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন তারা।

পরিকল্পনা অনুযায়ী ২০১২ সালের ১৯ এপ্রিল রাতে মাহবুবুল আলমের বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয় বলে তিনি জানান।

ঘটনার দুই দিন পর নিহতের স্ত্রী হেনা পারভীন বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা করেন।

পরে ২০১৩ সালের ১৫ জুন পাঁচজনকে আসামি করে আদালতে পৃথক দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এপিপি আরও বলেন, ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন এবং রাতে বাড়ি ঘরে হামলার মামলায়ও তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। দুটি রায়ের সাজা একসঙ্গে চলবে।

যাবজ্জীবনের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক মাস কারাবাসে থাকতে হবে বলে জানান এপিপি।