২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নির্যাতনে জাবির ১১ শিক্ষার্থীর সাজা

২ আগস্ট মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের গেস্টরুমে ডেকে একটি অনলাইন পোর্টালের সাংবাদিককে মারধরের ঘটনা ঘটে।

সাংবাদিক নির্যাতনে জাবির ১১ শিক্ষার্থীর সাজা

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 07:51 PM

Updated : 16 Oct 2022, 07:51 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের গেস্টরুমে সাংবাদিক নির্যাতনের দায়ে ১১ শিক্ষার্থীকে সাজা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার দুপুরে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য জানান।

সাজাপ্রাপ্তদের মধ্যে নৃবিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের মো. আসাদুল হককে ছয় মাস বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই ঘটনায় তাকে সহায়তা করার দায়ে আরও ১০ শিক্ষার্থীকে ছয় মাসের ‘স্থগিত’ বহিষ্কারের পাশাপাশি দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

২ আগস্ট মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের গেস্টরুমে ডেকে একটি অনলাইন পোর্টালের সাংবাদিককে মারধরের ঘটনা ঘটে।

ওই রাতেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আট কর্মীকে শনাক্ত করে দলীয় কার্যক্রম থেকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন।

কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই রাতের ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং শৃঙ্খলা বোর্ডের সুপারিশে ঘটনার মূল হোতা মো. আসাদুল হককে ছয় মাসের বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আসাদুল হককে সেই ঘটনায় সহায়তা করার দায়ে আরও ১০ জনকে ছয় মাসের স্থগিত বহিষ্কার ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।”

“এর আগে সাময়িক বহিষ্কার হওয়া চার জনের জন্য এই শাস্তি সাময়িক বহিষ্কারের দিন থেকে কার্যকর হবে। আর স্থগিত বহিষ্কারাদেশ প্রাপ্তরা ভবিষ্যতে (ছয় মাসের মধ্যে) কোনো অপরাধ করলে কোনো প্রকার তদন্ত কমিটির প্রতিবেদন ছাড়াই তাদের এই শাস্তি কার্যকর হবে।”

সাজাপ্রাপ্ত অন্যরা হলেন- নৃবিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান সেজান, একই বিভাগের ৪৭তম ব্যাচের রায়হান হাবীব, আইন ও বিচার বিভাগ ৪৭তম ব্যাচের মোহাম্মদ মাসুম বিল্লাহ, অর্থনীতি বিভাগ ৪৭তম ব্যাচের মির্জা শাহনূর উল হক জিয়ান, দর্শন বিভাগ ৪৭তম ব্যাচের মীর হাসিবুল হাসান রিশাদ, প্রাণীবিদ্যা বিভাগের ৪৭তম ব্যাচের মুনতাসির আহম্মেদ তাহরীম, রসায়ন বিভাগ ৪৮তম ব্যাচের মো. জাহিদ নজরুল, বাংলা বিভাগ ৪৮তম ব্যাচের ইমরান বশর, প্রত্নতত্ত্ব বিভাগ ৪৮তম ব্যাচের জায়েদ-বিন-মেহেদী, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের এ এস নাফিস হোসেন।

আরও পড়ুন:

পুরনো খবর:

জাবির ‘গেস্ট রুমে’ সাংবাদিক নির্যাতনের অভিযোগ
জাবির গেস্ট রুমে সাংবাদিক ‘নির্যাতন’ তদন্তে কমিটি