দুর্গম পাহাড়ে গাঁজার নার্সারি, ১৫০০ গাছসহ গ্রেপ্তার
কক্সবাজারের সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে যুবককে আটক করা হয়।
কক্সবাজারের সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে দেড় হাজার গাঁজা গাছ উদ্ধার করেছে র্যাব; এ সময় এক যুবককে আটক করা হয়েছে।
চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের উত্তর পাহাড়তলী এলাকা থেকে এসব গাছ উদ্ধার করা হয় বলে কক্সবাজার র্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) জামিলুল হক জানান।
গ্রেপ্তার জাকের আহমদ (৩৮) উত্তর পাহাড়তলী এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে তারা এই অভিযান চালায়। জাকের সংরক্ষিত বনে বেশ কয়েকবছর ধরে বসবাস করছিলেন। আর্থিকভাবে সচ্চল হতে তিনি সেখানে বীজতলা ও নার্সারি গড়ে তুলেছিলেন।
দুই মাস আগে জাকের তার পরিচিত আব্দুর রহিমের মাধ্যমে বীজ সংগ্রহ করে নার্সারি তৈরি করেছিলেন। সেখানে বীজতলায় এক হাজার ২০০ চারা গাছ তৈরি করেছেন। আর ৩০০ চারা পাহাড়ের ঢালে এক একর জায়গাজুড়ে রোপণ করেছিলেন।
এএসপি জামিলুল হক আরও বলেন, জাকের বাণিজ্যিকভাবে এসব গাঁজা চাষ করেছিলেন। এসব চারা গাছ তিনি লামা, আলীকদম ও থানছি উপজেলায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।
