ফরিদপুরে উপ-নির্বাচন: অধিকাংশ কেন্দ্রে ছিল না বটগাছের এজেন্ট
নির্বাচনে ১২৩টি ভোট কেন্দ্রের ৮০৬টি ভোট কক্ষে ইভিএমে ভোট গ্রহণ করা হয়।
ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটার উপস্থিতি কম থাকলেও শান্তিপূর্ণভাবে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অধিকাংশ ভোটকেন্দ্রেই বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত ‘বটগাছ’ প্রার্থীর এজেন্ট পাওয়া যায়নি।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ফরিদপুর-২ আসনের সালথা ও নগরকান্দা উপজেলার অন্তত ১০টি ভোট কেন্দ্র ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। তবে সব কেন্দ্রেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর এজেন্ট ছিল।
সরেজমিনে দুপুর দেড়টার দিকে নগরকান্দা উপজেলার ১৪ নম্বর বাউতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানকার ভোট কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়ানোর কোনো সারি নেই। সেখানে দুই হাজার ৩১২ জন ভোটার থাকলেও গ্রহণ হয়েছে মাত্র ৩৯৬ ভোট। সেখানে নৌকার এজেন্ট থাকলেও বটগাছ প্রতীকের এজেন্ট পাওয়া যায়নি।
সেখানকার প্রিজাইডিং অফিসার শামসুল হক বলেন, এখানকার সবগুলো বুথে নৌকার পোলিং এজেন্ট থাকলেও বটগাছ প্রতীকের প্রার্থী এজেন্ট দেননি।
একই উপজেলার ১ নম্বর নগরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও একই পরিস্থিতি দেখা গেল। ওই কেন্দ্রে দুই হাজার ছয় জন ভোটার থাকলেও গ্রহণ হয়েছে ৪২৮ ভোট।
বটগাছ প্রতীকের কোনো এজেন্ট নেই কেন, এ প্রশ্নের জবাবে সেখানকার প্রিজাইডিং অফিসার তিলোক কুমার ঘোষ বলেন, “এটা বলতে পারছি না; কেন বটগাছ প্রতীকের প্রার্থী এজেন্ট দেননি সেটা প্রার্থী নিজেই ভালো বলতে পারবেন।”
তবে বটগাছ প্রতীকের প্রার্থীর পর্যবেক্ষক দল ভোট কেন্দ্র পরিদর্শন করে গেছেন বলে জানান তিনি।
এদিকে সালথা উপজেলার সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র গিয়েও বটগাছ প্রতীকের কোনো পোলিং এজেন্ট পাওয়া যায়নি।
সেখানকার প্রিজাইডিং অফিসার জীবাংশু দাসও এ ব্যাপারে কিছু জানাতে পারেননি।
এ ব্যাপারে বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া মিয়া বলেন, “আমি নির্বাচন পদ্ধতিতে বিশ্বাসী। কিছু কেন্দ্র বাদে প্রায় সব কেন্দ্রে আমার এজেন্ট দেওয়া হয়েছিল।”
বেশ কিছু কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে দাবি করেন এ প্রার্থী।
জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, ফরিদপুর-২ আসনটি নাগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এতে ভোটার রয়েছে তিন লাখ ১৮ হাজার ৪৭২ জন। এর মধ্যে নগরকান্দা উপজেলায় ভোটার সংখ্যা এক লাখ ৫৭ হাজার ৮৭৫। সালথা উপজেলায় এক লাখ ৩২ হাজার ৪৬০ ও সদরপুরের কৃঞ্চপুর ইউনিয়নে ২৮ হাজার ১৩৭ ভোটার রয়েছেন। এ নির্বাচনে ১২৩টি ভোট কেন্দ্রের ৮০৬টি ভোট কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে ও আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত ‘বটগাছ’ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ নিরপেক্ষভাবে কাজ করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পোশাকধারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মাঠে কাজ করেন।
খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ফরিদপুর-২ আসনের রিটার্নিং অফিসার মো. হুমায়ূন কবির বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১৩ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।
ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এই আসন শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
আরও পড়ুন:
