১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকে পদোন্নতি না পাওয়া ১৯ কর্মকর্তার বিষয়ে ফের গোয়েন্দা প্রতিবেদন, বললেন সচিব

“তাদেরকে কিন্তু আমরা এখনো বাদ দেইনি বা তাদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 10:05 PM

Updated : 15 Nov 2026, 10:05 PM

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদে পদোন্নতি না পাওয়া ১৯ কর্মকর্তার বিষয়ে আরেকটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্থার সচিব মো. সাইদুর রহমান খান।

তিনি বলেছেন, নতুন প্রতিবেদন পাওয়ার পর বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি) আবার বৈঠকে বসবে। সেখানে এসব কর্মকর্তার পদোন্নতির বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।

রোববার দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে পদোন্নতিতে রাজনৈতিক তদবির, পক্ষপাত এবং দক্ষ কর্মকর্তাদের বাদ দেওয়ার অভিযোগের জবাবে এসব কথা বলেন তিনি।

বৃহস্পতিবার পরিচালক পদে পদোন্নতির জন্য বিবেচনাধীন ২৬ কর্মকর্তার মধ্যে সাতজনকে পদোন্নতি দেওয়া হয়। বাকি ১৯ জনের পদোন্নতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

পদোন্নতিতে অনিয়মের অভিযোগ নাকচ করে দুদক সচিব বলেন, “আপনাদের জল্পনা-কল্পনা এগুলোর কোনো ভিত্তি নাই।”

তিনি জানান, দুদকের সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের বিভাগীয় পদোন্নতি কমিটি রয়েছে। এতে প্রশাসন বিভাগের মহাপরিচালক সদস্য সচিব হিসেবে রয়েছেন। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের একজন করে প্রতিনিধি রয়েছেন।

তার দাবি, পদোন্নতির ক্ষেত্রে কর্মকর্তাদের গোয়েন্দা প্রতিবেদন, বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর), নিয়ন্ত্রণকারী কর্মকর্তার মূল্যায়ন এবং আর্থিক সততার বিষয়টি বিবেচনা করা হয়েছে।

সাইদুর রহমান খান বলেন, “আমরা সাতজনকে যোগ্য হিসেবে পেয়েছি। আমাদের এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করাতে সাতজনকে পদোন্নতি দেওয়া হয়েছে।”

দক্ষতা থাকলেও আর্থিক অসততা কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, এমন কর্মকর্তাদের আপাতত পদোন্নতির জন্য বিবেচনা করা হয়নি, বলেন তিনি।

তবে তাদের বাদ দেওয়া হয়নি জানিয়ে দুদক সচিব বলেন, “তাদেরকে কিন্তু আমরা এখনো বাদ দেইনি বা তাদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন, পদোন্নতি না পাওয়া কর্মকর্তাদের কেউ কেউ গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগপত্রও দিয়েছেন। ফলে ওই সংস্থার প্রতিবেদনে তারা বিরূপ মূল্যায়নের শিকার হয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

এ বিষয়ে দুদক সচিব বলেন, “যেহেতু আপনি এই গোয়েন্দা সংস্থার কথা বললেন, আমরা আরেকটি গোয়েন্দা সংস্থা থেকে তাদের ব্যাপারে আমরা রিপোর্ট নিয়ে আসব।”

নতুন গোয়েন্দা প্রতিবেদন পেতে আনুমানিক এক মাস লাগতে পারে, বলেন তিনি।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন ওঠে। একজন সাংবাদিক বলেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে, এমন কর্মকর্তারাও পদোন্নতি পেয়েছেন।

জবাবে দুদক সচিব বলেন, কারও রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে ব্যক্তিগতভাবে জানা থাকলেও প্রতিবেদনে তার প্রমাণ না থাকলে তা বিবেচনায় নেওয়ার সুযোগ নেই।

পদোন্নতির জন্য বিভিন্ন মহল থেকে টেলিফোনে তদবির এলেও কোনোটি আমলে নেওয়া হয়নি, দাবি করেন তিনি।

সাইদুর রহমান খান বলেন, “এই ব্যাপারে আমি কমিটির সভাপতি হিসেবে জোর গলায় বলতে পারি, আমরা ফেয়ার প্রসেস অবলম্বন করেছি এবং তার মাধ্যমে আমরা সিদ্ধান্ত প্রদান করেছি।”

ব্রিফিংয়ে দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক দুর্নীতির মামলা অনুসন্ধান ও তদন্ত করা কর্মকর্তাদের পদোন্নতি না দেওয়ার বিষয়টিও উঠে আসে।

একজন সাংবাদিক বলেন, বিদেশে পড়াশোনার কারণে দীর্ঘ সময় কর্মক্ষেত্রের বাইরে থাকা এবং তুলনামূলক কম অভিজ্ঞ কর্মকর্তারা পদোন্নতি পেয়েছেন। অথচ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক মামলা নিয়ে কাজ করা কর্মকর্তাদের অনেকে পদোন্নতি পাননি।

জবাবে দুদক সচিব জানান, পদোন্নতির ক্ষেত্রে কাজের অভিজ্ঞতার পাশাপাশি আর্থিক সততাসহ অন্যান্য বিষয় বিবেচনা করা হয়েছে।

কোনো কর্মকর্তার পদোন্নতি আটকাতে প্রতিহিংসার কারণে অভিযোগ করা হয়েছে কি না, জানতে চাইলে দুদক সচিব বলেন, তদন্ত ও যাচাই-বাছাই ছাড়া কোনো অভিযোগ বিবেচনায় নেওয়া হয়নি। উড়ো অভিযোগ পদোন্নতির সিদ্ধান্তে প্রভাব ফেলেনি।

পদোন্নতি পাওয়া সাত কর্মকর্তার বিষয়েও নতুন করে গোয়েন্দা প্রতিবেদন নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, তাদের পদোন্নতির সরকারি আদেশ ইতোমধ্যে জারি হয়েছে। ফলে নতুন করে প্রতিবেদন চাওয়ার সুযোগ নেই।

পরিচালক পদে পদোন্নতি পেলেন যারা

বৃহস্পতিবার দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. মহিউদ্দিন জাহাঙ্গীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়।

বেতনে স্কেলে পঞ্চম গ্রেডের এ পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন-এ এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান, সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত ও মো. ফয়সাল।

একই দিনে পৃথক প্রজ্ঞাপনে দুদকের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমকে তৃতীয় গ্রেডে মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়।

স্ত্রী-সন্তানসহ নানকের বিরুদ্ধে ৩ মামলার সিদ্ধান্ত

এদিকে আওয়ামী লীগ সরকারের সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও মেয়ে এস আমরীন রাখীর বিরুদ্ধে ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে পৃথক তিনটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে দুদক সচিব বলেন, নানকের নামে ১৪ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া তার ৩১টি ব্যাংক হিসাবে ৪৬ কোটি ২৩ হাজার ১৮৫ টাকার ‘সন্দেহজনক’ লেনদেনের তথ্য মিলেছে।

অন্যদিকে নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানুর বিরুদ্ধে ১৩ কোটি ১৫ লাখ ৯১ হাজার ৪২৪ টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুদক। তার নামে ১০২টি ব্যাংক হিসাবে ১০১ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৪১৬ টাকার ‘সন্দেহজনক’ লেনদেনের তথ্যও পাওয়া গেছে।

নানকের মেয়ে আমরীন রাখীর বিরুদ্ধেও ১১ লাখ ৯৯ হাজার ১০৪ টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুদক। তার নামে ১০টি ব্যাংক হিসাবে ২৩৭ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ৯০৫ টাকার ‘সন্দেহজনক’ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

আতিক ও স্ত্রীর বিরুদ্ধে ২ মামলার সিদ্ধান্ত

শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ আতিউর রহমান আতিক এবং তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদক সচিব জানান, অনুসন্ধানে আতিকের নামে ৮ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ৯৫২ টাকা এবং তার স্ত্রী শান্তনা বেগমের নামে ৭১ লাখ ৬১ হাজার ৮৮০ টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদের তথ্য পাওয়া গেছে।

শান্তনা বেগম শেরপুর সদরের চন্দ্রকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

দুদকের অভিযোগ, সংসদ সদস্য ও হুইপ হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে আতিক অবৈধ সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্ত্রীকেও অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেছেন।

বিদেশে থাকা আসামি ও সম্পদ ফেরানোর উদ্যোগ

ব্রিফিংয়ে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ সম্পর্কেও দুদক সচিবের কাছে জানতে চান সাংবাদিকরা।

জবাবে তিনি বলেন, বিদেশে অবস্থানরত আসামিদের দেশে ফেরানোর প্রক্রিয়ায় দুদকের পাশাপাশি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত থাকে।

দুদক তদন্তসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। এরপর তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যায়।

তিনি বলেন, “আমরা আমাদের কাজটুকু করছি, পরবর্তী যে কার্যক্রম সে ব্যাপারে আমরা বলতে পারব না।”

বিদেশে জব্দ করা সম্পদ দেশে ফেরানোর অগ্রগতি সম্পর্কে আরেক প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, এ বিষয়ে যৌথ তদন্ত দল কাজ করছে।

এ দলে দুদকের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা রয়েছেন।

বাংলাদেশ ব্যাংকে তাদের কার্যালয় রয়েছে। সেখানে প্রতিটি মামলা নিয়ে আলাদাভাবে কাজ করা হচ্ছে।