২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে নৌকায় মিলল শ্বশুরের মরদেহ, জালে উঠল জামাতার লাশ

“ডিঙ্গি নৌকায় শ্বশুর ও জামাতা গজারিয়া নদীতে মাছ শিকার করতে যান।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2023, 12:54 PM

Updated : 27 Mar 2023, 05:16 PM

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে।  

সোমবার ভোর রাতে উপজেলার গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে বলে মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. মজিবর রহমান জানান।

নিহতরা হলেন- উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে শহীদ বিশ্বাস (৬৯) এবং তার জামাতা মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খাঁ গ্রামের শহীদ বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২)।

চর এককরিয়া ইউনিয়নের গ্রামপুলিশ রফিক দফাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারাবির নামাজ আদায় করে ডিঙ্গি নৌকায় শ্বশুর ও জামাতা গজারিয়া নদীতে মাছ শিকার করতে যান। রাতের কোনো এক সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়।

“ভোর রাতের দিকে নৌকায় শহীদ বিশ্বাসের ঝলসানো লাশ পায় জেলেরা। আর সকালে জেলেদের জালে আটকা পড়ে রাসেলের লাশ।“

নৌ-পুলিশের এসআই মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুজনের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।