২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে কালবৈশাখীতে সূর্যমূখী ও ভুট্টার ক্ষতি

এ বছর ৫০ বিঘার বেশি সূর্যমূখী ও ১২৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

মুন্সীগঞ্জে কালবৈশাখীতে সূর্যমূখী ও ভুট্টার ক্ষতি

মুন্সীগঞ্জের শ্রীনগরের বাড়ৈগাঁওয়ে ক্ষতিগ্রস্ত একটি জমিতে হেলে পড়া সূর্যমূখীর গাছ বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে দিচ্ছেন কৃষকরা।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 09:17 PM

Updated : 02 Apr 2023, 09:17 PM

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে সূর্যমূখী ও ভুট্টা ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার রাতে দুই দফা ঝড় ও বৃষ্টিপাতের ফলে আবাদি জমির ক্ষতি হয় বলে জানিয়েছেন কৃষকরা।

কৃষি কার্যালয় জানায়, উপজেলায় এ বছর ৫০ বিঘার বেশি সূর্যমূখী ও ১২৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

সরেজমিন দেখা যায়, উপজেলার আটপাড়া, বীরতারা, তন্তর, কুকুটিয়া ইউনিয়নে কালবৈশাখীর ঝড়ে ফসলি জমির ক্ষতি হয়েছে। এর মধ্যে আটপাড়া ও বীরতারায় সূর্যমূখী এবং ভুট্টা চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ছাড়া ভাগ্যকুল এলাকায় ৫০০ বিঘায় জমির ভুট্টার সাইলেজ (গো-খাদ্য) ক্ষতিগ্রস্ত হয়েছে।

আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁওয়ে শ্রমিকরা ক্ষেতে বাঁশের খুঁটি গেড়ে মাটিতে হেলেপড়া সূর্যমূখী গাছ বেঁধে দাঁড় করছেন। কর্কটপাড়া ও কল্লিগাঁও বেশকিছু জমিতে ভুট্টার গাছ হেলে পড়েছে।

বীরতারা কারিগর পাড়ায় সূর্যমূখীর ক্ষেত তছনছ হয়ে গেছে। এখানে অনেক জমিতে অপরিপক্ক ভুট্টাসহ গাছ হেলে পড়েছে। এতে চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন।

Image

ক্ষতিগ্রস্ত ভুট্টার ক্ষেত দেখছেন এক কৃষক।

ক্ষতিগ্রস্ত জমির ভুট্টার গাছ গো-খাদ্য হিসেবে বিক্রি করে দিচ্ছেন কৃষকরা। এসব ভুট্টা গাছ কিনে নিচ্ছেন খামারিরা।

কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী ও পাঁচলদিয়া গ্রামের বেশকিছু আলুর ক্ষেতে পানি জমে গেছে। স্থানীয়রা পানি নিষ্কাশন করে এরই মধ্যে জমি থেকে আলু উত্তোলন শুরু করেছেন।

এ ছাড়া ঝড়ের প্রভাবে সবজির ও ধানের ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।

স্থানীয়রা জানায়, ঝড়ে সূর্যমূখী ও ভুট্টার জমির ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। এতে ফসলের কাঙ্ক্ষিত ফলন পাওয়ার সম্ভব না।

বীরতারা গ্রামের কৃষক আমির হোসেন বলেন, “২৮ শতাংশ জমিতে সূর্যমূখীর চাষ করেছিলাম। কালবৈশাখী ঝড়ে সূর্যমূখীর সব গাছ ভেঙে গেছে। ঝড়ের তাণ্ডবে ভুট্টা চাষের স্বপ্ন শেষ হয়ে গেল।”

কর্কটপাড়ার জমির উদ্দিন বলেন, “আমার জমির ভুট্টা মাটিতে মিশে গেছে।”

Image

বীরতারা কারিগর পাড়ায় ক্ষেতে ভেঙে পড়া সূর্যমূখী গাছ পচে যাচ্ছে।

বিবন্দী গ্রামের আলু চাষি মো. আলম ও আক্তার হোসেন জানান, আলুর ক্ষেতে বৃষ্টির পানি জমে গেছে। পানি নিষ্কাশন করে আলু উত্তোলন করতে হচ্ছে। জমি ভেজা থাকায় আলুর রং নষ্ট হয়ে যাচ্ছে।

বাড়ৈগাঁও গ্রামের মো. জুনায়দে হোসেন বলেন, “১০০ শতাংশ জমিতে সূর্যমূখীর চাষ করি। ঝড়ে সব গাছ জমিতে হেলে পড়েছে। স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শে জমিতে বাঁশের খুঁটি গেড়ে হেলেপড়া গাছ এক এক করে দাঁড় করিয়ে বেঁধে দিচ্ছি। এখন নয়জন শ্রমিক এ কাজ করছেন। আরও দুইদিন লাগবে। যদি কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া যায়।”

উপজেলা কৃষি কর্মকর্তা শান্তনা রানী বলেন, “ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণের তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কোনো সহযোগিতা আসলে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া হবে।”