২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর জন্মদিনে জন্ম নেওয়া ৭ নবজাতক পেলো উপহার

এসব শিশুর মায়েদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রকার ফল ও নগদ অর্থ।

প্রধানমন্ত্রীর জন্মদিনে জন্ম নেওয়া ৭ নবজাতক পেলো উপহার

নবজাতকের মায়ের হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা বাবলু হাজরা

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2022, 01:37 PM

Updated : 01 Oct 2022, 01:51 PM

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে জন্ম নেওয়া সাত নবজাতককে উপহার সামগ্রী দিয়েছেন এক স্বেচ্ছাসেবক লীগ নেতা।

কোটালীপাড়া স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক কমিটির সদস্য বাবলু হাজরা শনিবার সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে জন্ম নেওয়া এসব শিশুদের জন্য পোশাক, টিস্যু, দুধ, স্যাভলন ও ফিডারসহ নানা ধরনের উপহার সামগ্রী দিয়েছেন।

গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিনে জন্ম গ্রহণ করা এই শিশুদের মায়েদের হাতে বিভিন্ন প্রকারের ফল এবং নগদ অর্থও তুলে দেওয়া হয়েছে এদিন।

এ সময় কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অন্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর জন্মদিনে কোটালীপাড়া উপজেলার মুনা ক্লিনিকে ছেলে সন্তানের জন্ম দেন বৈকন্ঠপুর গ্রামের বিদ্যুৎ রায়ের স্ত্রী দিপু বৈদ্য।

দিপু বলেন, “খবর পেয়ে স্বেচ্ছাসেবক লীগের বাবলু হাজরা আমার সন্তানকে বিভিন্ন ধরণের উপহার দিয়েছেন।”

এ বিষয়ে বাবলু হাজরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে জন্ম নেওয়া শিশুদেরকে উপহার সামগ্রী দিয়েছি।”