নোয়াখালীতে মোটরসাইকেল-বাসের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু
দুই ছেলেকে নিয়ে জয়াগ বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি যাচ্ছিলেন পল্লী চিকিৎসক লিটন চন্দ্র দেবনাথ।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক পল্লী চিকিৎসক ও তার ছেলের মৃত্যু হয়েছে। এ সময় তার আরেক ছেলেসহ দুই জন আহত হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে চাটখিল-সোনাইমুড়ী সড়কে সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের জুনুদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী।
নিহতরা হলেন- লিটন চন্দ্র দেবনাথ (৪৬) ও তার ছেলে প্রান্ত দেবনাথ (১০)।
পেশায় পল্লী চিকিৎসক লিটন চন্দ্র দেবনাথ উপজেলার জয়াগ ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত তার আরেক ছেলে প্রতাপ দেবনাথকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এছাড়া আহত এক বাসযাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বখতিয়ার উদ্দিন জানান, সকাল ১০টার দিকে পল্লী চিকিৎসক লিটন চন্দ্র দাস মোটরসাইকেলে তার দুই ছেলেকে নিয়ে জয়াগ বাজার থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন।
পথে মোটরসাইকেলটি ছোট কেগনা জুনুদপুর পোলের গোড়া এলাকায় পৌঁছালে নোয়াখালীগামী জননী পরিবহনের দ্রুতগতির একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পল্লী চিকিৎসক লিটন ও তার দুই ছেলে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক লিটন ও তার ছোট ছেলেকে মৃত ঘোষণা করেন। এবং অপর ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটি তোলার চেষ্টা করছেন।
পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
