বরিশালে হোটেল থেকে নরসিংদীর ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
নরসিংদী থেকে লটকন এনে নগরীর পোর্ট রোড এলাকার বিভিন্ন ফলের আড়তে সরবরাহ করতেন শাকিল।
বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে নরসিংদীর এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে নগরীর পোর্ট রোড হোটেল সী প্যালেসের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে কোতয়ালী মডেল থানার এসআই সুমন সমাদ্দার।
নিহত ২১ বছরের মো. রানা মিয়া ওরফে শাকিল পেশায় ব্যবসায়ী ছিলেন। তিনি নরসিংদীর শিবপুর থানার শবদর আলীর বাড়ির মো. বাছেদ মিয়ার ছেলে। নরসিংদী থেকে লটকন এনে নগরীর পোর্ট রোড এলাকার বিভিন্ন ফলের আড়তে সরবরাহ করতেন তিনি।
পোর্ট রোডের ভূইয়া বাণিজ্যালয়ের শ্রমিক মো. আসলাম জানান, তার মামা জামাল ফোন করে শাকিলকে পায়নি। তখন তাকে ফোন করে শাকিলের খবর নিতে বলেন। পরে তিনি হোটেলে গিয়ে কক্ষের দরজা ধাক্কাধাক্কি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে উকি মেরে শাকিলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছেন।
এসআই সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ জুলাই ভোর থেকে পোর্ট রোড এলাকার হোটেল সী প্যালেসের তৃতীয় তলার ২০৯ নম্বর কক্ষে অবস্থান করছিলেন শিমুল।
“শুক্রবার খবর পেয়ে সেখানে গিয়ে গামছা দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
সুমন আরও জানান, কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ ছিলো। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে।
তবুও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ আরও নিশ্চিত হওয়া যাবে বলেন তিনি।
