সাভারে জুতা-বেল্টের কারখানায় `বয়লার বিস্ফোরণে’ কিশোর নিহত, আহত ১
ঘটনার পর থেকে কারখানাটির মালিক পলাতক আছেন।
ঢাকার সাভারে জুতা, বেল্ট তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে কিশোর নিহত হয়েছে; আহত হয়েছেন এক শ্রমিক।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার দক্ষিণ রাজাশন মোল্লাপাড়া মহল্লার বিসমিল্লাহ মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার এসআই মো. মনিরুজ্জামান বলেন।
নিহত ১৭ বছর বয়সি রোহান মণ্ডল পাবনা জেলার শহীদ মণ্ডলের ছেলে।
আহত মো. এনামুলকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কারখানাটির বারান্দা ও দেয়াল ধসে পড়ে এবং রোহান মারা যায়।
ঘটনার পর থেকে কারখানাটির মালিক মো. মিজানুর রহমান পলাতক আছেন।
সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল ইসলাম ও এসআই মনিরুজ্জামান বলেন, কারখানাটিতে জুতা, বেল্ট, ব্যাগসহ বিভিন্ন সামগ্রী তৈরি করা হত। কাজ চলার এক পর্যায়ে এর বয়লার বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলতে পারব।”
তিনি আরও বলেন, নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।
সাভার মডেল থানার ওসি আকবর আলী খান বলেন, তদন্ত করে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
