শরীয়তপুরে খেলনা ভেবে ককটেল হাতে নিল কিশোর, বিস্ফোরণে হাসপাতালে
ঘটনাস্থল থেকে আরও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শরীয়তপুরের জাজিরা উপজেলায় খেলনা ভেবে হাতে নেওয়া একটি ককটেল মাটিতে পড়ে বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আরও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা ইউনিয়নের ফেদুল্লা বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান থানার এসআই সাইদুজ্জামান।
আহত মো. কামরুল (১৪) ওই এলাকার রাজ্জাক বেপারীর ছেলে। বিস্ফোরণের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে কসটেপ দিয়ে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখেন জুনায়েদ আহমেদ (১৭)। তিনি সেটি খেলনা বল মনে করে হাতে তুলে নেন।
বিষয়টি দেখে সহপাঠী কামরুল জানতে চান, জুনায়েদের হাতে কী রয়েছে। পরে দুজন মিলে বস্তুটি জুনায়েদের দাদি নাসিমা বেগমকে দেখান। তিনি সেটি হাতবোমা বলে ধারণা করেন। এরপর আতঙ্কিত হয়ে জুনায়েদ সেটি হাত থেকে ফেলে দেন।
মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পাশে থাকা কামরুল আহত হন।
এসআই সাইদুজ্জামান বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে আরও দুটি ককটেল পাওয়া গেছে। আহত কিশোরের হাত ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি বলেন, ঘটনাস্থলে আরও কোনো বিস্ফোরক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
