২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

গুরুতর আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রাবি প্রশাসন

সিএনজিচালিত অটোরিকশায় করে ক্যাম্পাসে ফেরার পথে দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে চেসি ত্রিপুরা মাথায় গুরুতর আঘাত পান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Oct 2026, 04:21 PM

Updated : 20 Oct 2026, 04:20 PM

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন।

আহত চেসি ত্রিপুরা মাইক্রোবায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা যাত্রা করে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

সোমবার রাজশাহীর বাগমারায় এক সহপাঠীর বাসায় পূজার দাওয়াতে যান চেসি ও তার আরেক সহপাঠী। সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশায় করে ক্যাম্পাসে ফেরার পথে দুর্গাপুর এলাকায় একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান চেসি।

তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

সোমবার রাতে চেসির শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যরা।

উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, "চেসি ত্রিপুরার মাথায় আঘাত লেগেছে। চিকিৎসকেরা তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের প্রধানের সঙ্গে কথা বলে চেসির চিকিৎসার জন্য একটি আসনেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।