২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তামাবিল হয়ে আসাম থেকে ত্রিপুরায় গেল ভারতীয় জ্বালানি

১০টি তেলবাহী ট্যাংকারে মোট ১০৪ দশমিক ১৯ মেট্রিক টন জ্বালানি রয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 04:30 PM

Updated : 25 Aug 2022, 04:30 PM

ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় এবার আসাম থেকে মেঘালয় হয়ে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় জ্বালানি তেল ও তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিল ভারত।

বৃহস্পতিবার বেলা ১টায় সিলেট তামাবিল স্থলবন্দরে পেট্রোলিয়াম বহনকারী ১০টি ট্যাংকার এসে পৌঁছায়।

তামাবিল স্থলবন্দরের উপ-পরিচালক মো. মাহফুজুর রহমান জানান, ১০টি তেলবাহী ট্যাংকারে মোট ১০৪ দশমিক ১৯ মেট্রিক টন জ্বালানি রয়েছে। এর মধ্যে এলপিজি ২১ দশমিক ১৯ মেট্রিক টন আর বাকিটা পিওএল রয়েছে।

পেট্রোলিয়াম বহনকারী ট্যাংকারগুলো সিলেট-তামাবিল মহাসড়ক ব্যবহার করে ফেঞ্চুগঞ্জ-রাজনগর-মৌলভীবাজার-শমসেরনগর হয়ে চাতলাপুর বন্দর দিয়ে ভারতের ত্রিপুরার কৈলাস্বরের উদ্দেশে রওয়ানা দেয় বলে জানান তিনি।

সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের উপ-কমিশনার মো. আল আমিন জানান, গত ৩ অগাস্ট সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করে ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড।

এ সময় বন্যার কারণে রাস্তা নষ্ট হওয়ায় আসাম থেকে ত্রিপুরায় জ্বালানি সরবরাহের জন্য বাংলাদেশের সড়ক ব্যবহারের অনুরোধ করেন তারা। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে সেই কার্যক্রম শুরু করলো ভারতীয় কর্তৃপক্ষ।

উপ-কমিশনার আল আমিন আরও জানান, বাংলাদেশের সড়ক ও জনপথ বিভাগের সড়ক ব্যবহারের জন্য প্রতি চালানে প্রায় ৫০ হাজার টাকা পরিশোধ করতে হয় ভারতীয় কর্তৃপক্ষকে। পাশাপাশি শুল্ক স্টেশন কর্তৃপক্ষকে আরও নানা রকম চার্জ পরিশোধ করতে হয় ভারতীয় কর্তৃপক্ষকে।

এর আগে গত ১০ অগাস্ট ১৬ টন লোহার পাইপবাহী কন্টেইনার বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতের মেঘালয়ে গিয়েছিল।