৪ মাস আগে দাফন হওয়া মরদেহের কঙ্কাল ফসলি জমিতে
প্রত্যক্ষদর্শীরা জানান, কাফনের কাপড়ে পেঁচানো বস্তাবন্দি অবস্থায় কঙ্কালগুলো কুকুর টানাটানি করছিল।
ফরিদপুরের সালথায় কাফনের কাপড়ে পেঁচানো দুটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে; সেগুলো কঙ্কাল চোরেরা কবর থেকে উঠিয়ে ফেলে রেখে গেছে বলে ধারণা পুলিশের।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের একটি ফসলি থেকে কঙ্কাল দুটি উদ্ধার করা হয় বলে সালথা থানার এসআই শফিকুল ইসলাম জানান।
কঙ্কালগুলোর একটি গোয়ালপাড়া গ্রামের কালা মোল্লার স্ত্রী ৬০ বছর বয়সী হাবিবা বেগমের এবং আরেকটি একই গ্রামের ৬৫ বছর বয়সী ইদ্রিস শেখের বলে আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল হাসান খান সোহাগ জানিয়েছেন।
কঙ্কাল দুটি তাদের পরিবার শনাক্ত করেছে জানিয়ে তিনি বলেন, “গত প্রায় চার মাস আগে তারা মারা যান। তখন লাশ গোয়ালপাড়া কবরস্থানে দাফন করা হয়েছিলো।”
প্রত্যক্ষদর্শীরা বলেন, কবরস্থান থেকে আধা কিলোমিটার দূরে মাঠের একটি ফসলি জমিতে কাফনের কাপড়ে পেঁচানো বস্তাবন্দি অবস্থায় কঙ্কালগুলো ধরে কুকুর টানাটানি করছিল। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেয়।
এসআই শফিকুল বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত কঙ্কাল দুটি উদ্ধার করে। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আমাদের ধারণা, কঙ্কাল চোরেরা কবর থেকে কঙ্কালগুলো উঠিয়ে নিয়ে যাওয়ার সময় হয়তো ভয়ে ফেলে রেখে গেছে।”
এর আগেও গোয়ালপাড়া কবরস্থান থেকে দুটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
