বান্দরবানে কাঠ বোঝাই ট্রাকের ধাক্কায় পর্যটক নিহত
পুলিশ জানায়, ছয় বন্ধু থানচি চেকপোস্ট এলাকা থেকে তিনটি মোটরবাইক ভাড়া নিয়ে বেড়াতে যাচ্ছিলেন।
বান্দরবানে কাঠ বোঝাই ট্রাকের ধাক্কায় এক পর্যটক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১টার দিকে থানচি বিদ্যামনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বান্দরবান সদর থানার উপ পরিদর্শক কারিমুজ্জামান জানান।
নিহত জয়রাজ দাশ (২২) চট্টগ্রাম রাঙ্গুনিয়া মহাজন বটতল এলাকার অমল দাশের ছেলে। তিনি বাংলাদেশ সুইডিস পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল শাখার তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ জানান, চট্টগ্রাম থেকে আসা ছয় বন্ধু থানচি চেকপোস্ট এলাকা থেকে তিনটি মোটরবাইক নিয়ে বেড়াতে যাচ্ছিলেন। পথে বিদ্যামনিপাড়া এলাকায় জয়রাজদের বাইকটিকে কাঠ বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। জয়রাজ রাস্তায় পড়ে গেলে ট্রাকটি তার শরীরের উপর দিয়ে যায়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক দিদারুল আলম জানান, বেলা সাড়ে ৩টার দিকে ওই তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
পুলিশ কর্মকর্তা কারিমুজ্জামান জানান, মরদেহ বান্দরবান সদর হাসপাতাল মর্গে রাখা আছে; ময়নাতদন্ত ও আইনগত ব্যবস্থা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
