নারায়ণগঞ্জে ৪ বছরের শিশুকে ‘ধর্ষণ’, তরুণ আটক
আসামির পরিবারের লোকজন প্রভাবশালী হওয়ায় মামলার বাদীকে হুমকি দেয় বলেও অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠার পর পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার বিকালে ফতুল্লার দক্ষিণ শেয়ারচর এলাকায় এই ঘটনা ঘটে বলে শিশুটির মায়ের করা মামলায় অভিযোগ করা হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন জানান, শুক্রবার সন্ধ্যায় শিশুটির মা থানায় লিখিত অভিযোগ করেছেন।
আটক ছোটন (১৯) দক্ষিণ শেয়ারচর এলাকার বাসিন্দা।
শিশুর মা বলেন, বৃহস্পতিবার বিকালে সাড়ে ৪টার দিকে তিনি মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যান৷ সেখান থেকে আসামির শিশু ভাতিজির সঙ্গে দেখা হলে বাদীর মেয়ে তার সঙ্গে খেলতে যায়৷
“সেখানে কৌশলে ছোটন তার ভাতিজিকে ঘর থেকে বের করে দিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে।”
তিনি আরও বলেন, দোকান থেকে মেয়ের খোঁজ করতে ছোটনের বাসায় গিয়ে দরজা বন্ধ দেখতে পান৷ দরজা ধাক্কালেও কেউ খোলেনি। কিছুক্ষণ পর ছোটন দরজা খুললে সেখান থেকে বেরিয়ে আসে তার মেয়ে৷
“তখন ছোটন বলে সে বাথরুমে ছিল৷ তখনই আমার সন্দেহ হয়৷ পরে আমার ঘরে গেলে মেয়ে তলপেটে ব্যথার কথা বললে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই৷”
এই ঘটনা নিয়ে আসামির পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে গেলে তারা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় মামলা না করতে হুমকি দেন বলেও অভিযোগ করেন বাদী৷
তিনি বলেন, “আমার মেয়ের ঘটনায় আমি দিশেহারা হইয়া গেছি৷ কোনো মাই তো এই ঘটনার পর আর ঠিক থাকে না৷ আমার স্বামী একজন গার্মেন্টস কর্মী৷ আমরা গরিব মানুষ, ন্যায্য বিচারটা চাই৷”
ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু বলেন, এ ঘটনায় মামলা হয়েছে৷ পুলিশ আসামিকে তার বাসা থেকে গ্রেপ্তার করেছে৷ ভুক্তভোগী মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”
