২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দাঁড়িয়ে থাকা অটোরিকশায় কভার্ড ভ্যানের ধাক্কা, শিশুসহ নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকাগামী একটি কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।

দাঁড়িয়ে থাকা অটোরিকশায় কভার্ড ভ্যানের ধাক্কা, শিশুসহ নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2023, 01:59 PM

Updated : 21 Aug 2023, 02:02 PM

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা অটোরিকশায় কভার্ড ভ্যানের ধাক্কায় শিশুসহ চার জনের প্রাণ গেছে। এতে আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও দুই যাত্রী। 

সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান। 

নিহতরা হলেন- সরাইল উপজেলার বড়ইবাড়ি গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৭) ও একই এলাকার মো. নাজমুল মিয়ার ছেলে জিলানী (৮)। তাৎক্ষণিকভাবে নিহত অন্য দুই জনের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে ওসি আকুল চন্দ্র বলেন, বেলা ১২টার দিকে বাসস্ট্যান্ডে পাশের সড়কে দাঁড়িয়ে একটি অটোরিকশা যাত্রী নিচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী মারা যান। আহত হন চালকসহ আরও তিন যাত্রী।

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও এক জন মারা যান বলে তিনি জানান। 

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ। 

বাকি নিহত ও আহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি আকুল চন্দ্র।