২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে স্বামীকে হত্যার এক যুগ পর স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন

২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রাতে আসামিরা আবুলকে শ্বাসরোধে হত্যা করেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 06:35 PM

Updated : 26 Jun 2023, 06:35 PM

জয়পুরহাটের পাঁচবিবিতে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ নুর ইসলাম তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাধ মণ্ডল।

দণ্ড পাওয়ারা হলেন পাঁচবিবি উপজেলার কুটাহারা গ্রামের প্রয়াত আবুল হোসেনের স্ত্রী ডলি বেগম (৪২), একই এলকার প্রয়াত নিগমা উড়াওয়ের ছেলে সুরেন উড়াও (৫৯), ধলু মণ্ডলের ছেলে মোস্তাফিজুর রহমান (৫৩) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার বলরামপুর গ্রামের ফিরাজ উদ্দীনের ছেলে কাফা মিয়া (৫৫)।

তাদের মধ্যে ডলি বেগম পলাতক রয়েছেন।

মামলার বরাতে পিপি নৃপেন্দ্রনাধ মণ্ডল জানান, পাঁচবিবির ফয়েজের ছেলে আবুল হোসেনের সঙ্গে কুটাহারা গ্রামের আব্দুর রহমানের মেয়ে ডলির বিয়ে হয়। বিয়ের পর থেকে আবুল হোসেন শ্বশুরবাড়িতে থাকতেন।

“বিয়ের কিছুদিন পর থেকে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। এরমধ্যে ডলি মামলার তিন আসামির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন।

“আবুল হোসেন তার স্ত্রীর গোপন সম্পের্কের কথা জানতে পারলে তাকে হত্যার পরিকল্পনা করেন আসামিরা। পরিকল্পনা অনুযায়ী ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রাতে আসামিরা আবুলকে শ্বাসরোধে হত্যা করেন।”

পিপি আরও জানান, ঘটনার পরদিন আবুলের বাবা পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তিন মাসের মধ্যে পুলিশ নিহতের স্ত্রীসহ চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

শুনানি শেষে আবুলের স্ত্রীসহ চারজনকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক বছর কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি।