চুয়াডাঙ্গায় স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
পিপি বলেন, চলতি বছরের ১৫ মার্চ ফন্টু তার স্ত্রীকে বাড়ির পাশে এক মাঠে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় স্ত্রী হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ জিয়া হায়দার আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) বেলাল হোসেন জানান।
মৃত্যুদণ্ড প্রাপ্ত ফন্টু মন্ডল (৫২) ওই উপজেলার পোল বাগুন্দা গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে পিপি বেলাল হোসেন বলেন, চলতি বছরের ১৫ মার্চ সন্ধ্যা ৭টার দিকে ফন্টু মন্ডল তার স্ত্রী ডালিমা খাতুনকে (৪০) নিয়ে বাড়ির পাশে এক মাঠে যান।
তারপর পূর্বপরিকল্পনা অনুযায়ী, ডালিমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ মাঠে থাকা সোলার বিদ্যুতের পাইপের মধ্যে ফেলে দেন।
তিনি আরও বলেন, স্ত্রীকে হত্যা করে লাশ গুম করার পর ফন্টু প্রচার করেন তার স্ত্রী আত্মীয় বাড়ি বেড়াতে গেছেন। পরদিন ১৬ মার্চ সন্ধ্যায় সন্দেহবশত পুলিশ ফন্টু মন্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।
আইনজীবী বলেন, পরে তার দেখানো স্থান থেকে পুলিশ ডালিমার মরদেহ উদ্ধার করে। এর পরদিন ডালিয়ার ছেলে জামিরুল ইসলাম থানায় বাবার বিরুদ্ধে হত্যা মামলা করেন।
আসামি ফন্টু মন্ডল আদালতে জবানবন্দি দেন। ৫ মে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই আশিকুল হক আদালতে অভিযোগপত্র জমা দেন। ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।
রায়ে আদালত আসামি ফন্টু মৃত্যুদণ্ড এবং একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
