জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা শুরু: প্রতি আসনে লড়ছেন ১৩৬ জন
এ বছর প্রথমবারের মতো ছেলে-মেয়েদের আলাদা শিফটে পরীক্ষা নেওয়া হচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
রোববার সকাল ৯টা থেকে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা।
এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন দুই লাখ ৪৯ হাজার ৮৫৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে অনুযায়ী প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৩৬ শিক্ষার্থী।
ভর্তির আবেদনকারীদের মধ্যে এক লাখ ৩৪ হাজার ৫০৭ জন পুরুষ এবং এক লাখ ১৫ হাজার ৩৫০ জন নারী শিক্ষার্থী।
প্রতিবারের মতো এবারও শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর প্রথমবারের মতো ছেলে-মেয়েদের আলাদা শিফটে পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে আইবিএ-জেইউ এ তে আবেদনকারী কম থাকায় ছেলে-মেয়েদের একইসঙ্গে পরীক্ষা হয়েছে।
এদিকে ভর্তি পরীক্ষার প্রথম শিফটে সমাজবিজ্ঞান অনুষদে পরিদর্শনে আসেন উপাচার্য অধ্যাপক নূরুল আলম।
তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মঞ্জুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, রেজিস্ট্রার রহিমা কানিজ, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ এবং প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান।
এ সময় উপাচার্য সাংবাদিকদের বলেন, "এবারের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা অন্যান্য বছরের চেয়ে স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিচ্ছে। এখন পর্যন্ত কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।"
উপস্থিতির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, "প্রথম শিফটে আইবিএ-জেইউ এর পরীক্ষা হচ্ছে। প্রতিবছরই এই ইউনিটে উপস্থিতি কম দেখা যায়। এবারও কম মনে হচ্ছে।"
গত বছরের তুলনায় এ বছর আবেদনকারীর সংখ্যা কম কেন জানতে চাইলে উপাচার্য বলেন, "এ বছর আমরা আবেদনের জন্য জিপিএ বাড়িয়েছি। সেজন্য কিছু সংখ্যা কম হতে পারে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীরাই ভর্তি হয়।"
এ সময় সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথম শিফটে এখন পর্যন্ত আনুমানিক ৭০ শতাংশের মত উপস্থিতি দেখা যাচ্ছে। এ বছর ছেলে মেয়ে আলাদা শিফটে পরীক্ষা হওয়াতে ভোগান্তি কম পোহাতে হবে বলে মনে হচ্ছে।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অন্যান্য বছরের মতো এবারও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসে দেড়শ পুলিশ মোতায়েন আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও আছে।"
এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালো আছে বলে জানান তিনি।
রোববার বেলা ৫টা ৪০ মিনিটে 'সি' ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষার মধ্য দিয়ে প্রথম দিনের ভর্তি পরীক্ষা শেষ হবে।
সময়সূচি অনুযায়ী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি শেষ হবে ২২ জুন। এ ছাড়া ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
