ব্যাটারি পুড়িয়ে সিসা, মারাত্মক হুমকিতে জনস্বাস্থ্য
ওই কারখানার ধোঁয়া ও ছাই যতদূরে যাবে, ততদূর পর্যন্ত পরিবেশ মারাত্মক দূষিত হবে।
যানবাহনের পুরোনো ব্যাটারি এনে স্তূপ করা হয়। রাতের বেলায় এসব ব্যাটারি পুড়িয়ে বের করা হয় সিসা। পরে ব্যাটারির ভাঙা অংশ ও অ্যাসিড আশপাশের এলাকায় ফেলা হয়।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের রাতইল গ্রামে এমন একটি সিসা তৈরির কারখানা বানিয়েছেন পাবনা থেকে আসা ইয়াকুব আলী।
কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, ইয়াকুব আলীর কারখানায় তিনটি চুলায় ব্যাটারি পোড়ানো হয়। রাত ১০টায় ব্যাটারি পুড়িয়ে সিসা বের করার কাজ শুরু হয়; ভোর ৪টায় পোড়ানো বন্ধ হয়। এরপর ট্রাকে করে সিসা নিয়ে যাওয়া হয়।
ব্যাটারি পোড়ানোয় এলাকায় মারাত্মক ক্ষতিকর দূষণ ছড়িয়ে পড়ছে। কালো ধোঁয়া ও ছাইয়ে এলাকার গাছপালা, লতাপাতা কালো বর্ণ ধারণ করেছে। আশাপাশের জমির ফসল ও সবুজ ঘাস কালচে রং ধারণ করেছে।
ঘাস, লতা ও আখের পাতা খেয়ে কয়েকটি গরু মারা গেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
পরিবেশ অধিদপ্তরের ভাষ্য, এই ব্যাটারি পোড়ানো ধোঁয়া মানব ও প্রাণিদেহ এবং উদ্ভিদের জন্য মারাত্মক ক্ষতিকর।
এ ব্যাপারে ওই গ্রামের ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রাতইল চরপাড়া গ্রামের মো. আব্দুল হালিম উকিলের জমি ভাড়া নিয়ে প্রায় এক বিঘা জমি অস্থায়ীভাবে ঘিরে পাবনা জেলার ইয়াকুব আলী ব্যাটারি পোড়ানোর কারখানা স্থাপন করেছেন। সেখানে তিনি তিনটি চুলা বসিয়েছেন। এই চুলায় ব্যাটারি পোড়ানো হয়। যানবাহনের বহু অকেজো ব্যাটারি স্তূপ করে রাখা হয়েছে। ব্যাটারি ভেঙে সিসা বের করে পানি ও এসিড আশপাশে ফেলে দেওয়া হয়।
সেখানে যাওয়ামাত্র ব্যাটরি পোড়ানোর উৎকট দুর্গন্ধ পাওয়া যায়। আশাপাশের গাছপালায় মড়ক লেগেছে। সরিষা ক্ষেত ও ঘাস কালচে বর্ণ ধারণ করেছে।
অভিযোগকারী নজরুল ইসলাম বলেন, ছয় মাস আগে রাতইল গ্রামের মো. আব্দুল হালিম উকিলের জমি ভাড়া নিয়ে পাবনার এক ব্যক্তি এই কারখানা স্থাপন করেন। সেখানে রাতে ব্যাটারি পোড়ানো হয়, দিনের আলো ফোটার আগে বন্ধ করে দেওয়া হয়।
“ব্যাটারি পোড়ানোর সময় আগুন ৩০ ফুট উপরে ওঠে। কালো ধোঁয়ায় গোটা এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। বাতাস যেদিকে প্রবাহিত হয় সেদিকেই দুর্গন্ধ ছড়ায়।
“এলাকার লতা-পাতা, ঘাস ও আখের পাতা খেয়ে ১২টি গরু মারা গেছে।”
এলাকার পরিবেশ রক্ষায় ওই কারখানা উচ্ছেদের জন্য তিনি পরিবেশ অধিদপ্তরে গত ১৪ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ব্যাটারি পোড়ানো বন্ধ করতে নির্দেশ দিয়ে সাত দিন সময় দিয়েছেন।
রাতইল গ্রামের কাওসার মোল্লা ওরফে পান্নু বলেন, “ব্যাটারি পোড়ানো কারখানার পাশে আমার আখের ক্ষেত রয়েছে। ক্ষেত থেকে আখের পাতা কেটে গরুকে খিইয়েছিলাম। ওই পাতা খেয়ে দুই মাস আগে আমার দুইটি গরু মারা যায়। এছাড়া এখানে যারা গরু চড়িয়েছেন তাদের গরু লাতা ও ঘাস খেয়ে মারা গেছে।”
“এ ছাড়া গ্রামের হেলাল মুন্সির দুইটি, ভুলু তালুকদরের একটি, ভুলু মুন্সির দুইটি হালিম মিয়ার দুইটি, দিলদারের একটি ও পাচু মিয়ার একটি গরু মারা গেছে। সব মিলিয়ে এই এলাকার ঘাস খেয়ে ১২টি গরু মারা গেছে।”
জমির মালিক রাতইল গ্রামের মো. হালিম উকিল বলেন, “আমি পাবনার এক ব্যক্তিকে বছরে ৪০ হাজার টাকা ভাড়া চুক্তিতে আমার জমি ভাড়া দিয়েছি। সেখানে সে কী করছে তা আমি জানি না। চুক্তির মেয়াদের ছয় মাস গেছে। তাকে আমি এক বছরের আগে জমি ছেড়ে দিতে বলতে পারি না।
পরিবেশ অধিদপ্তর থেকে ফোন দিয়েছিল জানিয়ে তিনি বলেন, “আমি তাদের বলেছি, ভাড়াটের কার্যক্রমে আমার জমির সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। এছাড়া সে পরিবেশ দূষিত করে এলাকার মানুষ, পশু-পাখি, ফসল ও গাছের ক্ষতি করছে। তাই মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানাটি উচ্ছেদ করার জন্য পরিবেশ অধিদপ্তরকে অনুরোধ করেছি।”
কৃষি শ্রমিক রাতইল গ্রামের আব্দুল হাই, আলমগীরসহ অন্যরা বলেন, রাতে পোড়ানো হয়। কিন্তু বাতাসের সঙ্গে ব্যাটারি পোড়ানো দুর্গন্ধ সারাদিন ছাড়ায়। এছাড়া ব্যাটারির এসিডের গন্ধ তো রয়েছেই। জমিতে কাজ করার সময় এই গন্ধ নাকে গেলেই কাশি আসে। কারখানার পাশ দিয়ে নাক বন্ধ করে চলাচল করতে হয়।
পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, গাড়ির পরিত্যক্ত ব্যাটারি পুড়িয়ে সিসা বের করার সময় বাতাসে ক্ষতিকর গ্যাস ছড়িয়ে পড়ছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এই গ্যাস মানুষ, প্রাণী ও উদ্ভিদের জন্য ভয়ংকর। এই এলাকার ঘাস খেয়ে বেশ কয়েকটি গরু মারা গেছে।
“আমরা অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সত্যতা পেয়েছি। ওই কারখানায় ব্যাটারি পোড়ানো বন্ধ ও কারখানা সরিয়ে ফেলতে জমির মালিককে সাত দিন সময় দিয়েছি।”
কারখানার শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে যতজন বলেন, তারা কারখানা সরিয়ে না নিলে মোবাইল কোর্ট পরিচালনা করে অচিরেই কারখানা উচ্ছেদ করা হবে।
কারখানা মালিক ইয়াকুব আলী বলেন, “পরিবেশ অধিদপ্তর আমাদের সাত দিন সময় দিয়েছে। সাত দিনের মধ্যে আমরা এখান থেকে কারখানা সরিয়ে নেব।”
নাম প্রকাশ না করার শর্তে এই কারখানার একজন শ্রমিক বলেন, ইয়াকুব সারদেশ থেকে অকেজো গাড়ির ব্যাটরি কিনে আনেন। তারপর অস্থায়ী করাখানা গড়ে সেগুলো পুড়িয়ে সিসা বের করে বিক্রি করেন।
“প্রতিদিন তিনি অন্তত দুই লাখ টাকার সিসা বিক্রি করেন। তার কারখানা কোনো জেলায় ছয় মাস, কোনো জেলায় পাঁচ মাস টেকে। তারপর গাছপালা, পশুপাখির ক্ষতি শুরু হলে স্থানীয়দের বাধার মুখে কারখানা গুটিয়ে নিয়ে নতুন জায়গায় স্থাপন করেন।”
গোপালগঞ্জ বন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. রাজিব হোসেন বলেন, ব্যাটারি পোড়ানোর ধোঁয়ায় মানুষের শ্বাসকষ্ট, ফুসফুস ক্যান্সারসহ শরীরে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়। ওই কারখানার আশপাশে উৎপাদিত শাক-সবজি খেলে মানবদেহে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। গরু ছাগল ওই এলাকার ঘাস, লতা-পাতা খেলে বিষক্রিয়ায় মারা যেতে পারে।
ওই কারখানার ধোঁয়া ও ছাই যতদূরে যাবে, সেই পর্যন্ত পরিবেশ মারাত্মক দূষিত হবে। তাই পরিবেশ সুরক্ষায় ব্যাটারি পোড়ানো কারখানা উচ্ছেদের কোনো বিকল্প নেই।
