২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বজনীন পেনশনের বাগেরহাটে প্রথম যুক্ত নারী এনজিওকর্মী ও কৃষক

৪৮ বছর বয়সী এনজিও কর্মী জমাবেন তিন হাজার করে, পেনশন হবে ৮ হাজারের কম। ৩৮ বছর বয়সী কৃষক জমা করবেন এক হাজার। পেনশন হবে ৫ হাজারের বেশি। 

সর্বজনীন পেনশনের বাগেরহাটে প্রথম যুক্ত নারী এনজিওকর্মী ও কৃষক

বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের  সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 03:49 PM

Updated : 17 Aug 2023, 03:49 PM

বাগেরহাটে সর্বজনীন পেনশন কর্মসূচির দুইটি স্কিমে প্রথম যুক্ত হয়েছেন একজন নারী এনজিও কর্মী ও এক কৃষক যিনি মাছ চাষও করেন।

চার শ্রেণির নাগরিককে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তাকাঠামোর আওতায় আনতে দেশে প্রথমবারের মত চালু হয়েছে সর্বজনীন পেনশন কর্মসূচি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এই কর্মসূচির উদ্বোধনে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি যুক্ত হন সরকারপ্রধান।

বাগেরহাটে বেসরকারি সংস্থায় কর্মরত রিজিয়া পারভীনকে ‘প্রগতি’ স্কিমে এবং মাছ চাষি শেখ তানজিমকে স্বকর্মে নিয়োজিত নাগরিক হিসেবে ‘সুরক্ষা’ স্কিমে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিক্রিয়ায় রিজিয়া পারভীন বলেন, “বেসরকারি চাকরি এই আছে এই নাই। এ কারণে আমাদের নানা টেনশনে থাকতে হয়। শেষ বয়সে আমাদের কী হবে। বেসরকারি চাকরিজীবীদের সমস্যার কথা চিন্তা করে সরকার প্রগতি পেনশন স্কিম চালু করে পেনশনের সুবিধা করে দেয়াই আমি আনন্দিত।”

তার বয়স ৪৮। তিনি মাসে তিন হাজার টাকা করে জমা করবেন। ১২ বছর পর থেকে পেনশন পাবেন। ১৫ বছর জমা করলে পেনশন হতো মাসে ৮ হাজার ৬৮৩ টাকা। ১২ বছর পরে কত হবে, সেটি এখনও জানেন না তিনি।

রিজিয়া রূপান্তর নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন। ‘আমরাই পারি’ নামে একটি জোটের অংশীদার সংস্থাটি। তারা কাজ করে নারীর ওপর সহিংসতা নিয়ে।

রিজিয়া সম্প্রতি ‘নির্মাণ’ নামে একটি এনজিও নিবন্ধনও নিয়েছেন। তিনি এর নির্বাহী পরিচালক।

এই পেনশন স্কিমের নমিনি করেছেন স্বামী সাংবাদিক আহাদ উদ্দিন হায়দারকে। তার বয়স ৫০ এর বেশি হওয়ায় বিশেষ অনুমতি ছাড়া তিনি পেনশন স্কিমে অংশ নিতে পারবেন না।

এই পেনশন স্কিম নিয়ে আসায় সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন রিজিয়া। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরেও ‘দারুণ খুশি’ বলে জানান তিনি।

তিনি যে স্কিমে অংশ নিয়েছেন, তাতে মাসে সর্বনিম্ন দুই হাজার ও সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করে জমা রাখা সম্ভব।

স্বকর্মে নিয়োজিত শেখ তানজিম অংশ নিয়েছেন সুরক্ষা স্কিমে। তিনি মাসে জমা করবেন এক হাজার টাকা।

বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা গ্রামের এই বাসিন্দার বয়স ৩৮। অর্থাৎ তাকে ২২ বছর টাকা জমা করতে হবে। ২০ বছর এই হারে টাকা জমা করলে পেনশন হতো ৪ হাজার ৯২৭ টাকা। আরও দুই বছর বেশি জমা করবেন বলে পেনশন পাঁচ হাজার টাকা ছাড়িয়ে যাবে। 

উত্তরাধিকার সূত্রে পাওয়া পাঁচ বিঘা জমিতে কৃষি কাজের পাশাপাশি প্রায় আড়াই বিঘায় সাদা মাছ ও চিংড়ি চাষ করেন তানজিম। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

শেখ তানজিম বলেন, “আজকে আমার দারুণ আনন্দের দিন। সরকারি চাকরিজীবীরা পেনশন পায়। কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য কোনো ব্যবস্থা ছিল না। বুড়ো বয়সে আমাদের কী হবে?”

এই পেশার মানুষদের কথা চিন্তা করে সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করায় স্বকর্মে থাকা সাধারণ মানুষের ভবিষ্যতের চিকিৎসা, স্বাস্থ্যসহ নানা দুশ্চিন্তা দূর হবে বলে মনে করেন এই পলিসি গ্রহীতা।

Image

বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি যুক্ত হন সরকারপ্রধান।

অনুষ্ঠানে আসা রাজনৈতিক, সামাজিকসহ নানা শ্রেণি পেশার মানুষ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

বাগেরহাট জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আইনজীবী শরীফা খানম বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সুখি সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম চালু করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক আইনজীবী ভূঁইয়া হেমায়েত উদ্দিন, আইনজীবী সমিতির সভাপতি এ কে আজাদ ফিরোজ টিপু, সদর উপজেলা চেয়ারম্যান যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন। 

যত বেশিদিন টাকা জমা, লাভ তত বেশি

১৮ বছরের বেশি বয়সী যে কেউ নিয়মিত চাঁদা দিয়ে সর্বজনীন পেনশন কর্মসূচির আওতায় আসতে পারবেন। এর অংশ হতে পারবেন প্রবাসীরাও। এর মাধ্যমে প্রায় দশ কোটি নাগরিককে সুরক্ষা দেওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার।

প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা- এই চার নামে চার শ্রেণির মানুষের জন্য আলাদা স্কিম চালু হল বৃহস্পতিবার। আরও দুটি স্কিম পরে সুবিধাজনক সময়ে চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

এর মধ্যে প্রবাস স্কিম শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য। প্রগতি স্কিম বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য। অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা স্বকর্মে নিয়োজিত ব্যক্তিরা যেমন- কৃষক, রিকশাচালক, শ্রমিক, কামার, কুমার, জেল, তাঁতিরা অংশ নিতে পারবেন সুরক্ষা স্কিমে। আর দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী স্বল্প আয়ের ব্যক্তিরা (যাদের বর্তমান আয়সীমা বছরে সর্বোচ্চ ৬০ হাজার টাকা) সমতা স্কিমে অংশ নিয়ে পেনশনের আওতায় আসতে পারবেন।

এই স্কিম অনুযায়ী ১৮ বছর বয়স থেকেই পেনশন স্কিমে যুক্ত হওয়া যাবে। যত বেশি দিন টাকা জমা করা হবে, সুবিধা হবে তত বেশি।

যেমন কেউ যদি ১৮ বছর বয়স থেকে মাসে ২ হাজার টাকা চাঁদা দেওয়া শুরু করেন, তাহলে ৬০ বছর বয়সে তার পেনশন হবে ৬৮ হাজার ৯৩১ টাকা।

দেশের মানুষদের জন্য সর্বোচ্চ যে পাঁচ হাজার টাকা জমা করার সুযোগ আছে, সেটি নিলে ৪২ বছর টাকা জমা করলে পেনশন হবে ১ লাখ ৭২ হাজার ৩২৭ টাকা।

টাকা জমার বয়স কমে ৪০ হলেই পেনশন কমে হবে ১ লাখ ৪৬ হাজার ১ টাকা। ৩৫ বছর জমালে তা আরও কমে হবে ৯৫ হাজার ৯৩৫ টাকা, ৩০ বছর হলে তা আরও কমে হবে ৬২ হাজার ৩৩০ টাকা।

এভারে ২৫ বছর ধরে মাসে ৫ হাজার টাকা করে জমালে পেনশন দাঁড়াবে, ৩৯ হাজার ৭৭৪ টাকা, ২০ বছরে কমে হবে ২৪ হাজার ৬৩৪ টাকা, ১৫ বছরে ১৩ হাজার ৫৭২ টাকা এবং ১০ বছরে ৭ হাজার ৬৫১ টাকা।

গরিবের চাঁদার অর্ধেক দেবে সরকার

যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, তাদের পেনশনের চাঁদার অর্ধেক পরিশোধ করবে সরকার। তাদের জন্য স্কিম একটিই। মাসে জমা করা যাবে এক হাজার টাকা।

এই স্কিমে ৪২ বছর জমিয়ে মাসে পাওয়া যাবে ৩৪ হাজার ৪৬৫ টাকা, ৪০ বছরে ২৯ হাজার ২০০ টাকা, ৩৫ বছরে ১৯ হাজার ১৮৭ টাকা, ৩০ বছরে ১২ হাজার ৪৬৬ টাকা, ২৫ বছরে ৭ হাজার ৯৫৫ টাকা, ২০ বছরে ৪ হাজার ৯২৭ টাকা, ১৫ বছরে ২ হাজার ৮৯৪ টাকা এবং ১০ বছরে মিলবে ১ হাজার ৫৩০ টাকা। 

আরও পড়ুন

সর্বজনীন পেনশন যুগে বাংলাদেশ

পেনশন স্কিমের খুঁটিনাটি যেভাবে দেখছেন ২ অর্থনীতিবিদ

৪ ধরনের পেনশন স্কিম, যেভাবে যুক্ত হওয়া যাবে

৪ ধরনের পেনশন স্কিম, আবেদন অনলাইনে