১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় সাবেক এমপির নির্বাচন বর্জনের ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করছেন আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম।

কুমিল্লায় সাবেক এমপির নির্বাচন বর্জনের ঘোষণা

নুরুল ইসলাম মিলান

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2024, 07:08 PM

Updated : 06 Jan 2024, 07:28 PM

‘পরিবেশ অনুকূলে না থাকার’ অভিযোগ তুলে ভোটের একদিন আগে কুমিল্লা-৮ (বরুড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

সাবকে এই জাতীয় পার্টি নেতা শনিবার দুপুরে বরুড়া উপজেলার কলেজ রোড এলাকার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। 

ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন নুরুল ইসলাম মিলন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি। আমি আমার অভিযোগ লিখিত আকারে রির্টানিং কর্মকর্তার কাছে জানিয়েছি।”

“আমার পরিবার ও নেতা-কর্মীদের কথা চিন্তা করে তারা যেন ক্ষতিগ্রস্ত না হন তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনের পরে নেতা-কর্মী ও সাংবাদিকদেরকে একত্রিত করে আমার বক্তব্য জানাব।”

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির সাবেক উপজেলা সভাপতি মো. আবদুল বারী, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান ভূইয়া, জাপা নেতা আবু ইউসুফ মানিক, রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

২০১৪ সালের নির্বাচনে জাতীয় পার্টির দলীয় মনোনয়নে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০২২ সালের শুরুতে তাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়। এ বছর জাপার মনোনয়ন পেয়েছেন ইরফান বিন তোরাব আলী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে [কুমিল্লা-৮] আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচন করছেন আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম। এ আসনে এখন তার কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী রইল না।

এ আসনের বর্তমান সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলকে বাদ দিয়ে শফিউদ্দিন শামীমকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়। নাছিমুল আলম চৌধুরী মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন। কিন্তু গত ১৭ ডিসেম্বর তিনি তা প্রত্যাহার করে নেন।