কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন: আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী, বিএনপি-জামায়াতের ভরাডুবি
বারের আইনজীবীর সংখ্যা ২৭৮ জন। এর মধ্যে বৈধ ভোটার ১৭৩, আর ভোট দিয়েছেন ১৬৯ জন।
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিপুল ভোটে জয়ী হয়েছে।
ভোটে ১৯টি পদের মধ্যে সভাপতি পদে আইনজীবী খুরশীদ আলম এবং সাধারণ সম্পাদক পদে আইনজীবী নাজমুল ইসলামসহ ১৪টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিজয়ী হয়।
অপরদিকে, বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল একটি সম্পাদকীয় পদ ও চারটি সদস্য পদে বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টায় আনুষ্ঠানিকভাব এ নির্বাচনের ফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা ও বিচারিক হাকিম মজনু মিয়া।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের বিজয়ী অন্যরা হলেন: সহ-সভাপতি সুজিৎ কুমার চক্রবর্তী ও জহির উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মহাব্বত, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক জাহিদ আহমেদ কাজল, ক্রীড়া সম্পাদক টিএম আরিফুজ্জামান কল্লোল, লাইব্রেরি সম্পাদক বকসী মিজানুর রহমান সাজু, সদস্য পদে কামরুজ্জামান মুন্সি রানা, ইদ্রিস আলী খন্দকার ফিটু, আফরোজা শারমিন, তোফায়েল আহমেদ ও সরোয়ার কবীর মিথুন।
বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান সরকার, সদস্য নাজিরুজ্জামান রুবেল, নুরে আলম সিদ্দিকী, আলমগীর কবির ও মেরিনা আক্তার মিথেন।
প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী শামসুল হক সরকার বলেন, “দুটি প্যানেলের মধ্যে ছিল, আওয়ামী লীগ সমর্থিত খুরশীদ-নাজমুল পরিষদ আর বিএনপি ও জামায়াত সমর্থিত ইয়াছিন-কাশেম পরিষদ।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত আইনজীবী সমিতি হলরুমে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়। বারের আইনজীবীর সংখ্যা ২৭৮ জন। এর মধ্যে বৈধ ভোটার ১৭৩, আর ভোট দিয়েছেন ১৬৯ জন। ১৯টি পদের বিপরীতে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৮ জন।
সভাপতি খুরশীদ আলম ৮৯ ভোট পেয়ে ১৪ ভোটের ব্যবধানে ইয়াছিন আলী সরকারকে পরাজিত করেন। আর সাধারণ সম্পাদক পদে নাজমুল ইসলাম ৮৯ ভোট পেয়ে ১২ ভোটের ব্যবধানে আবুল কাশেমকে পরাজিত করেন।
সদস্য পদে সর্বোচ্চ ১০৩ ভোট পেয়েছেন কামরুজ্জামান মুন্সি রানা। আর সম্পাদকীয় পদে কোষাধ্যক্ষ আব্দুল মান্নান সর্বোচ্চ ৯৭ ভোট।
নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কেএস আলী আহমেদ, মো. ছাহের উদ্দিন মিয়া এবং একেএম গোলাম রব্বানী।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
