২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মসজিদের মোতাওয়াল্লির কক্ষ থেকে অস্ত্র-গুলি উদ্ধার

মোতাওয়াল্লি আব্দুল্লাহ সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যাচেষ্টা মামলার আসামি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হুজির সদস্য আবু ওবায়দা হারুনের ছোট ভাই।

ফেনীতে মসজিদের মোতাওয়াল্লির কক্ষ থেকে অস্ত্র-গুলি উদ্ধার

ফেনীর সোনাগাজী থানা

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2023, 09:10 PM

Updated : 27 Aug 2023, 09:10 PM

ফেনীর সোনাগাজী উপজেলায় মসজিদের মোতাওয়াল্লির কক্ষ থেকে অস্ত্র, গুলি ও চাপাতি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় কেউ আটক হয়নি।  

শনিবার রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ভুঞা বাজার সংলগ্ন হাবিবিয়া জামে মসজিদে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে র‌্যাব-৭ ফেনীর অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান।

এ ঘটনায় রোববার বিকালে র‌্যাবের ডিএডি নুরুল আলম বাদী হয়ে মোতাওয়াল্লি আবদুল্লাহকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেছেন।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আবদুল্লাহ পালিয়ে যান বলে জানিয়েছে র‌্যাব।

তিনি সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যাচেষ্টা মামলার আসামি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হুজির সদস্য আবু ওবায়দা হারুনের ছোট ভাই। তিনি ভুঞা বাজার এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। মসজিদের তৃতীয় তলায় মোতাওয়াল্লির কক্ষটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তখন এলাকাবাসীর উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি করা হয়।

এ সময় ওই কক্ষ থেকে একটি ওয়ান শুটারগান, ছয়টি কার্তুজ ও একটি চাপাতি উদ্ধার করে র‌্যাব।

হাবিবিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, “যে কক্ষ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে সেটি ব্যবহার করতেন মোতাওয়াল্লি আব্দুল্লাহ। র‌্যাব আসার খবরে তিনি কক্ষটি তালাবদ্ধ করে পালিয়ে যান।”

চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম বলেন, “মোতাওয়াল্লি আব্দুল্লাহর বিরুদ্ধে এলাকায় উগ্রবাদ ছড়ানোর অভিযোগ রয়েছে। তার হুমকিতে এলাকার মানুষ ভয়ে থাকত।”

সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম বলেন, মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।