কারাগারে বিএনপি নেতা গউছকে ছুরিকাঘাতের মামলায় আসামির কারাদণ্ড
২০১৫ সালের ১৮ জুলাই কোরবানির ঈদের নামাজ শেষে কারাগারের ভেতরের রাস্তায় জিকে গউছকে ছুরিকাঘাত করেন আরেক কারাবন্দি ইলিয়াছ।
হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা জিকে গউছকে কারাগারের ভেতরে ছুরিকাঘাতের মামলায় এক ব্যক্তিকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৩ এর বিচারক মো. আবদুল আলীম আট বছর আগের এ মামলার রায় দেন বলে জানান পেশকার রামেন্দ্র দাশ।
দণ্ড পাওয়া ইলিয়াছ মিয়া ওরফে ছোটন জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের বাসিন্দা। জামিনে মুক্তির পর থেকে তিনি পলাতক।
মামলার এজাহার থেকে জানা যায়, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ একটি মামলায় হবিগঞ্জ জেলা কারাগারে ছিলেন।কারাগারে তাকে ডিভিশন দেওয়া হয়েছিল। ২০১৫ সালের ১৮ জুলাই কোরবানির ঈদের নামাজ শেষে কারাগারের ভেতরের রাস্তায় তাকে ছুরিকাঘাত করেন আরেক কারাবন্দি ইলিয়াছ।
এ ঘটনায় হবিগঞ্জ জেলা কারাগারের তৎকালীন জেলার মো. শামীম ইকবাল একটি মামলা করেছিলেন।
২০১৬ সালের ২৬ নভেম্বর ইলিয়াছের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মো. সাহিদ মিয়া।
মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সমস্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার পলাতক আসামী ইলিয়াসকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়।
