২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈরী আবহাওয়া: পর্যটকদের সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ

বিপদ এড়াতে পর্যটকদের সোমবার দুপুরের মধ্যে সেন্ট মার্টিন ছাড়তে বলেছে প্রশাসন।

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 05:00 PM

Updated : 23 Oct 2023, 05:03 PM

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা দেখা দেওয়ায় কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে বেড়াতে আসা পর্যটকদের সোমবার দুপুরের মধ্যে দ্বীপ ছাড়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

“ফলে বিপদ এড়াতে পর্যটকদের দুপুর আড়াইটার মধ্যে সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে সেন্ট মার্টিন-টেকনাফ নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকবে।”

সতর্ক সংকেত প্রত্যাহার না হওয়া পর্যন্ত টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সকল প্রকার ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।

ইউএনও বলেন, সোমবার সকাল পর্যন্ত দেড় হাজারের বেশি পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে অবস্থান করছিলেন। তিনটি পর্যটকবাহী জাহাজে করে তাদের টেকনাফে ফিরিয়ে নেওয়া হবে।

সেন্ট মাটিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সাগর উত্তাল থাকায় উপজেলা প্রশাসনের নির্দেশে দ্বীপে অবস্থানরত পর্যটকদের সতর্ক করে মাইকিং করা হচ্ছে। তাদেরকে দ্বীপ থেকে টেকনাফে ফিরে যেতে বলা হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া জানান, তিনটি পর্যটকবাহী জাহাজে করে এক হাজার ১৫০জন পর্যটক সোমবার সকালে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্ট মার্টিনে পৌঁছান। ওই জাহাজেই তাদের ফিরিয়ে নেওয়া হবে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

সে সময় গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

এ নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে উপকূলের কাছাকাছি এসে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যেতে পারে।

ভারতীয় আবহাওয়া অফিস বলছে, গভীর নিম্নচাপটি সোমবারই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং উত্তর উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বুধবার মধ্যরাতের পর বা বৃহস্পতিবার ভোরের দিকে খেপুপাড়া ও চট্টগ্রামের মাঝামাঝি এলাকা দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। 

গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে ‘হামুন’; এটা ইরানের দেওয়া নাম।

নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে বলা হয়েছে।