ভালো দাম পেয়ে কুমিল্লায় ‘মুড়ির গ্রামের’ মানুষের মুখে হাসি
গত চার দশকের বেশি বছর ধরে গ্রামের বাসিন্দারা হাতে ভাজা মুড়ি বাণিজ্যিকভাবে উৎপাদন করছেন
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক লাগোয়া লক্ষ্মীপুর গ্রামটিতে প্রবেশের সময় যে-কারোই নাকে ভেসে আসবে মুড়ির ম-ম ঘ্রাণ। কানে আসবে মুড়ি ভাজার শব্দ।
মধ্যরাত থেকে শুরু করে পরদিন দুপুর পর্যন্ত কর্মযজ্ঞে দম ফেলার সময় না থাকলেও মুখে হাসি নিয়েই যেন ঘরে ঘরে হাতে ভাজা মুড়ির উৎসবে মেতেছেন গ্রামটির বাসিন্দারা।
করোনার কারণে দুই বছর রোজায় তেমন ব্যবসা হয়নি। তবে গত বছর থেকে বাজারে মুড়ির চাহিদা আবারও বেড়েছে। এবার চালের দাম বেশি হওয়ায় বিক্রি নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও দাম ভালো পাওয়ায় মুড়ির মতোই হাসি ফুটেছে তাদের মুখে।
কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এই গ্রামের বাসিন্দারা গত চার দশকের বেশি সময় ধরে হাতে ভাজা মুড়ি উৎপাদন করে আসছেন। যার কারণে গ্রামটি সকলের কাছে ‘মুড়ির গ্রাম’ হিসেবেই পরিচিত। শুধুমাত্র বরুড়া উপজেলাই নয়, পুরো জেলাতেই রয়েছে গ্রামটির পরিচিত।
লক্ষ্মীপুর ছাড়া জেলার অন্য কোথাও বাণিজ্যিকভাবে হাতে ভাজা মুড়ি উৎপাদন করতে দেখা যায় না। যার কারণে বাজারের অন্য মুড়ির চাইতে এই মুড়ির চাহিদার সঙ্গে দামও একটু বেশি।
জানা গেছে, প্রায় ৪১ বছর আগে লক্ষ্মীপুর গ্রামটিতে বাণিজ্যিকভাবে হাতে ভাজা মুড়ি উৎপাদন শুরু হয়। দুই দশক আগেও গ্রামের বেশিরভাগ মানুষের আয়ের প্রধান উৎস ছিলো হাতে ভাজা মুড়ি। তবে বর্তমানে সেই সংখ্যা কমে এসেছে। বর্তমানে প্রায় অর্ধশত পরিবার পূর্বপুরুষদের এই পেশা ধরে রেখেছেন।
তবে অর্ধশত পরিবার বাণিজ্যিকভাবে মুড়ি উৎপাদন করলেও আরও অনেকেই হাতে ভাজা মুড়ি তৈরি করেন বলে জানা গেছে। এদের কেউ কেউ স্থানীয় হাটবাজারের বিভিন্ন দোকানে এই মুড়ি বিক্রি করেন। আবার কেউ কেউ নিজেদের চাহিদা মেটাতে হাতে মুড়ি ভাজেন। এই কাজকে কেন্দ্র করে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে গ্রামটির শতাধিক দরিদ্র নারীর।
সম্প্রতি সরেজমিনে লক্ষ্মীপুর গ্রামের মুড়ি ব্যবসায়ী দূর্গা চরণ পালের বাড়িতে গিয়ে দেখা গেছে, সারি সারি মাটির চুলার ওপর বসানো হয়েছে বড় বড় মাটির পাত্র। একজন চুলায় কাঠ-খড় দিয়ে আগুন দিচ্ছেন। আরেকজন আগে প্রস্তুত করা চাল এনে গরম পাত্রে ঢেলে দিচ্ছেন। পাশের অন্যজন নেড়ে দিচ্ছেন সেই চাল।
মিনিট পাঁচেক নাড়ার পর সেই চাল ঢেলে দেওয়া হয় ঘণ্টার পর ঘণ্টা চুলায় থাকা গরম বালু ভরা আরেকটি পাত্রে। মুহূর্তেই সেই চাল থেকে হয়ে যায় সাদা মুড়ি।
এদিকে, বাড়ির উঠানে বিছিয়ে রাখা হয়েছে ত্রিপল। এই ত্রিপলে বাড়ির পুরুষরা ঝুড়িতে ও বস্তায় করে এনে ঢালছেন গরম গরম মুড়ি। কয়েকজন আবার সেই মুড়ি বড় বড় বস্তায় ভরছেন পাইকারদের জন্য।
দূর্গা চরণ বলেন, প্রতি বছরই রমজানের সময় প্রতিদিন রাত ১টা থেকে ২ টার দিকে শুরু হয় মুড়ি ভাজার কর্মযজ্ঞ। চলে পরদিন দুপুর পর্যন্ত। গ্রামের প্রায় অর্ধশত পরিবার এভাবে হাতে মুড়ি ভাজেন।
“তিন জন করে প্রতিটি পরিবারে নারী কর্মচারী কাজ করেন। আর মুড়ি ভাজার পর বস্তায় ভরে পাইকারদের কাছ পর্যন্ত নেওয়ার কাজ করেন প্রত্যেক পরিবারের পুরুষরা।”
গ্রামের মধ্যে তিনিই সবচেয়ে বেশি মুড়ি উৎপাদন করেন দাবি করে দূর্গা চরণ পাল আরও বলেন, অর্ধশত পরিবার মিলে দিনে প্রায় ৬০ থেকে ৭০ মণ মুড়ি উৎপাদন করা সম্ভব হয়।
এই মুড়ি কুমিল্লা নগরীসহ বিভিন্ন উপজেলাগুলোর চাহিদা মিটিয়ে পাশ্ববর্তী জেলা ফেনী, চাঁদপুর, নোয়াখালী ও রাজধানী ঢাকাতেও পাঠানো হয় বলে জানান তিনি।
গ্রামের আরেক মুড়ি উৎপাদনকারী হরি চরণ পাল বলেন, আমরা সাধারণত দুই ধরণের মুড়ি উৎপাদন করি। এগুলো সকলের কাছে ‘গিগজ ও টাপি’ নামে পরিচিত। এই মুড়ি বাজারে পাওয়া মুড়ির চেয়ে একুট মোটা ও ভারি হয়ে থাকে।
“এছাড়া দীর্ঘক্ষণ মচমচে থাকা এই মুড়ির স্বাদও বাজারের মুড়ির চেয়ে অনেক ভালো। যার কারণে অনেক ক্রেতাই এই মুড়ি বেশ পছন্দ করেন।”
হরি চরণ পাল জানান, জেলার লাকসামের বিজরা বাজার ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এবং লালমাই উপজেলার বাগমারা বাজার থেকে এই মুড়ির চাল কিনে আনা হয়।
বর্তমানে আমরা পাইকারদের কাছে ৫০ কেজির এক বস্তা মুড়ি বিক্রি করি চার হাজার টাকার বেশি দরে। তারা এসে ট্রাক বা পিকাপভ্যানে করে মুড়ি নিয়ে যান।
তিনি বলেন, “পাইকারদের চাহিদা আমাদের উৎপাদনের তুলনায় অনেক বেশি। কিন্তু এরপরও গ্রামের অনেকে এখন আরও মুড়ি ভাজেন না। কারণ-এ কাজে কষ্ট বেশি।”
লক্ষ্মীপুর গ্রামের আমেনা বেগম বলেন, “প্রায় ১৪ বছর ধরে শ্রমিক হিসেবে এই মুড়ি ভাজার কাজ করছি। রাত দুইটার দিকে শুরু হয় মুড়ি ভাজার কাজ। চলে দিনের বারোটা পর্যন্ত। রাতে আবহাওয়া ঠাণ্ডা থাকায় আমাদের কষ্ট কম হয় আর কাজও বেশি হয়। রমজান মাসে কাজের চাপে কয়েকগুণ বেড়ে যায়।
আনোয়ারা বেগম নামে আরেক শ্রমিক বলেন, “আমাদেরকে কাজের জন্য প্রতিদিন জনপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। এর মধ্যে দুপুরের খাবার ও সকালের নাস্তা মালিকের বাড়িতে খাওয়া হয়। মুড়ির কাজ করে আমাদের অনেক নারী পরিবারকে সহযোগিতা করছে।”
কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারের মুড়ি ব্যবসায়ী জামাল হোসেন দুলাল জানান, “আমরা পাইকারদের কাছ থেকে এই মুড়ি সংগ্রহ করছি। প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা আমাদের কেনা পড়ে। আর বিক্রি করি ১৪০ থেকে ১৬০ টাকা দরে। বাজারে এই মুড়ির ভালো চাহিদা রয়েছে।”
“তবে বেশিরভাগ দোকানে এই মুড়ি পাওয়া যায় না। চাহিদার তুলনায় উৎপাদন অনেক কম। এখন সব জায়গায় মেশিনে ভাজা মুড়ির দাপট।”
লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম বলেন, “এখন হাতে ভাজা মুড়ি তেমন পাওয়া যায় না। আমাদের লক্ষ্মীপুর গ্রাম ছাড়া এভাবে জেলার অন্য কোথাও বাণিজ্যিকভাবে হাতে ভাজা মুড়ি তৈরি হয় বলে আমার জানা নেই।
“লক্ষ্মীপুরের উৎপাদনকারীরা বিশুদ্ধভাবে হাতে ভাজা মুড়ি তৈরি করে। তাদের এই কাজ অব্যাহত রাখতে যা যা করা দরকার- আমি সেই উদ্যোগ নেব।”
