২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রলারে ১০ মরদেহ: চট্টগ্রাম থেকে গ্রেপ্তার সুমন ৩ দিনের রিমান্ডে

সোনাদিয়া দ্বীপের এই বাসিন্দা প্রথম দফায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পনকারী জলদস্যুদের একজন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2023, 07:37 PM

Updated : 20 Oct 2023, 07:37 PM

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হওয়া এক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার বিকালে কক্সবাজার সদর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গাঁ ওই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান সদর মডেল থানার পরিদর্শক দুর্জয় বিশ্বাস।

রিমান্ড পাওয়া আসামির নাম খাইরুল বশর সুমন। মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের এই বাসিন্দা প্রথম দফায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পনকারী জলদস্যুদের একজন।

মামলার তদন্ত কর্মকর্তা দুর্জয় বিশ্বাস বলেন, আসামি সুমনকে সাত দিনের রিমান্ড দিতে আবেদন করে আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এর আগে বুধবার রাত সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয় জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “গ্রেপ্তারের পর সুমনকে কক্সবাজারে নেওয়া হয়। গত ২৩ এপ্রিল ১০ মরদেহ উদ্ধারের পর থেকে সুমন আত্মগোপনে ছিলেন।

“এরপর পরিচয় গোপন করতে মুখে দাঁড়ি রেখে ছদ্মবেশ ধারণ করেন তিনি। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়।”

পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন অস্ত্র-সরঞ্জাম ও অর্থ দিয়ে ৭ এপ্রিল ১২ থেকে ১৩ জনের একটি দলকে সাগরে ডাকাতির উদ্দেশ্যে পাঠানোর কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন এতে নেতৃত্ব দিয়েছিলেন ঘটনায় নিহত ট্রলার মালিক শামসুল আলম মাঝি।”

গত ২৩ এপ্রিল গুরা মিয়া নামের এক ব্যক্তির মালিকানাধীন একটি ট্রলার সাগরে ভাসমান থাকা নামবিহীন একটি ট্রলার টেনে নাজিরারটেক উপকূলে নিয়ে আসে। ওই ট্রলারের হিমঘরে হাত-পা বাঁধা ১০ জনের লাশ উদ্ধার করা হয়।

২৫ এপ্রিল নামবিহীন ট্রলারটির মালিক নিহত সামশুল আলম ওরফে সামশু মাঝির স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। যার মধ্যে ছয়জন ১৬৪ ধারায় জবানবন্দীও দিয়েছেন।

এরা হলেন, মামলার এজাহারের প্রধান আসামি বাইট্টা কামাল, বাঁশখালীর বাসিন্দা ফজল কাদের মাঝি ও আবু তৈয়ুব মাঝি, মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খায়ের হোসেন, চকরিয়ার বদরখালী এলাকার গিয়াস উদ্দিন মুনির এবয় মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইলের দেলোয়ার হোসেন।

তবে গ্রেপ্তার করিম সিকদার ও বাইট্টা কামালের ভাই ইমাম হোসেন জবানবন্দী দেননি। 

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]