মাগুরায় হয়ে গেল ঐতিহ্যের ঘোড়দৌড়
আয়োজক জানান, প্রতি বছর এ গ্রামে ১৬ পৌষ এ উৎসবের আয়োজন হয়।
মাগুরা সদরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা হয়ে গেল।
শুক্রবার বিকালে ধলহরা যুব সংঘের উদ্যোগে মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়নের ধলহরা গ্রামে আয়োজন করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতি বছর ১৬ পৌষ কৃষকদের ধান কাটার পর এ গ্রামে আয়োজন করা হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা।
এ বছর জেলার বিভিন্ন স্থান থেকে আসা ১৬ জন প্রতিযোগী ঘোড়া নিয়ে অংশ নেন। আয়োজন দেখতে হাজারো নারী-পুরুষ, শিশু-কিশোর ভিড় জমায়।
ঘোড়দৌড় শেষে আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান হিসাম প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় মাগুরা জেলা পরিষদ সদস্য আনিচুর রহমান খোকন, চাউলিয়া ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন এবং আয়োজক কমিটির সভাপতি ফারুক আহমেদ ছিলেন।
প্রতিযোগিতায় নড়াইল জেলার মো. অনিক মোল্লার ঘোড়া প্রথম, মাগুরা পাল্লা গ্রামের আব্দুল কুদ্দুসের ঘোড়া দ্বিতীয় এবং মহম্মদপুর উপজেলার গাংনি গ্রামের হিরু শেখের ঘোড়া তৃতীয় হয়।
প্রথম পুরস্কার হিসেবে ৩০ হাজার, দ্বিতীয় পুরস্কার হিসেবে ২০ হাজার এবং তৃতীয় পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা দেওয়া হয়।
আয়োজক ফারুক আহমেদ বলেন, প্রতি বছর এ গ্রামে কৃষকদের ধান কাটার পর ১৬ পৌষ এ উৎসবের আয়োজন করে আসছি।
“এবার প্রতিযোগিতায় ১৬টি ঘোড়া অংশ নেয়। রাতে হবে বিচার গান। উৎসবকে ঘিয়ে এখানে বসে মেলা। শিশুদের আনন্দ দেওয়ার জন্য ছিল নাগোরদোলা।”
