নাটোরে নিজের ঘরের আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
শীত নিবারনে ব্যবহৃত মাটির পাত্রের আগুন ঘরে লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নিজ ঘরে লাগা আগুনে পুড়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার দয়রামপুর ইউনিয়নের সোনাপুর হিজলী পাবনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে বাগাতিপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. নুরুল ইসলাম জানান।
শীত নিবারনে ব্যবহৃত মাটির পাত্রের আগুন ঘরে লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
নিহত ফিরোজা বেগম ওই এলাকার প্রয়াত আদম আলী মুনশীর মেয়ে।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, নিহতের স্বামী-সন্তান না থাকায় ঘরে তিনি একাই থাকতেন।
“তিনি মেঝেতে খড় বিছিয়ে ও মাটির পাত্রে আগুন রেখে শীত নিবারণ করতেন।
ভোরে স্থানীয়রা ওই বৃদ্ধার ঘরে আগুন দেখে পানি দিয়ে নেভানোর চেষ্টা করে। তবে ভেতরে থাকা বৃদ্ধাকে তারা উদ্ধার করতে পারেননি।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় বৃদ্ধার ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরে ঘরের ভেতর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ফিরোজা বেগমের দগ্ধ লাশ উদ্ধার করে।”
বৃদ্ধার মরদেহ উদ্ধার করে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের ওই কর্মকর্তা।
বাগাতিপাড়া থানার এসআই ফজলুল হক বলেন, “আবেদনের পরিপ্রেক্ষিতে বৃদ্ধার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”
