ময়মনসিংহে ‘প্রকাশ্যে সিল মারায়’ প্রিজাইডিং কর্মকর্তাসহ প্রত্যাহার ৩
তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।
ময়মনসিংহে একটি কেন্দ্রে ‘প্রকাশ্যে সিল মারা’ এবং ‘নৌকার পক্ষে’ কাজ করায় অভিযোগে প্রিজাইডিং কর্মকর্তাসহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মদিনাতুল উল আলহাজ আকবর হোসেন কাওমি মাদ্রাসা ও এতিমখানায় এই ঘটনা ঘটে বলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে মোহাম্মদ মাকসুদ আলম জানান।
যাদের প্রত্যাহার করা হয়েছে তারা হলেন- মদিনাতুল উল আলহাজ আকবর হোসেন কাওমি মাদ্রাসা ও এতিমখানার প্রিজাইডিং কর্মকর্তা ইলিয়াস উদ্দিন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নুরুল হক ও নৌকার পোলিং এজেন্ট আবুল কালাম আজাদ।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা দিদারে মোহাম্মদ বলেন, “অনিয়মের অভিযোগে তাদের তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে ওই কেন্দ্রে ভোটগ্রহণ চলমান রয়েছে বলে জানান তিনি।
