এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকে কর্মশালা
কর্মশালায় সতর্কতার সঙ্গে লেনদেন পরিচালনা এবং সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে গুরুত্বারোপ করা হয়।
এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধ, কমপ্লায়েন্স নিশ্চিত করা ও নিরাপদ ব্যাংকিং সেবার মানোন্নয়নে কর্মশালা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ব্যাংকের কক্সবাজার শাখার উদ্যোগে এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের সমন্বয়ে এজেন্ট আউটলেটগুলোতে জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করার কথা রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, কর্মশালায় এজেন্ট ব্যাংকিংয়ের নীতিমালা, দায়িত্ব ও কর্তব্য, কমপ্লায়েন্স, জালিয়াতি শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। এজেন্ট ব্যাংকিংয়ে গ্রাহকের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে নীতিমালা অনুসরণ, সতর্কতার সঙ্গে লেনদেন পরিচালনা এবং সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের প্রধান মো. ইকবাল মহসীন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এফআইডি) মো. আলী হোসেন ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান আবুল লাইস মোহাম্মদ খালেদ উপস্থিত ছিলেন।
