২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ী কারাগারে যাবজ্জীবন সাজা পাওয়া বন্দির মৃত্যু

২০১২ সাল থেকে তিনি কারাগারে ছিলেন।

রাজবাড়ী কারাগারে যাবজ্জীবন সাজা পাওয়া বন্দির মৃত্যু

রাজবাড়ী জেলা কারাগার।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 06:15 PM

Updated : 07 Oct 2023, 06:15 PM

রাজবাড়ী জেলা কারাগারে যাবজ্জীবন সাজা পাওয়া এক আসামির মৃত্যু হয়েছে।

শনিবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম জানান।

মৃত ৬০ বছর বয়সি সাইদুর রহমান জেলাল সদর উপজেলার ডাউকি গ্রামের বাসিন্দা।

জেল সুপার আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসিড নিক্ষেপের মামলায় সাইদুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। ২০১২ সাল থেকে তিনি কারাগারে ছিলেন। সাইদুরের বাড়ি রাজবাড়ী হওয়ায় ২০১৫ সালে তাকে রাজবাড়ী কারাগারে নেওয়া হয়।

“দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। কারাগারেই তাকে চিকিৎসা দেওয়া হতো। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ৬টার দিকে সদর হাসপাতালে নেওয়া হয়।”

রাজবাড়ী সদর হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ ব্রাদার মো. আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কারাগার থেকে একজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। সকাল সোয়া ৭টার দিকে তিনি মারা যান।

ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেল সুপার আব্দুর রহিম।