বরিশালে পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু
এলাকাবাসীর অভিযোগ, মাদরাসার শিক্ষকদের দায়িত্বে অবহেলার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।
বরিশাল নগরীতে পুকুরে ডুবে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে নগরীর মুসলিম গোরস্থান পুকুরে ডুবে তার মৃত্যু হয় বলে পুলিশ ও মাদরাসা শিক্ষক জানিয়েছেন।
আট বছর বয়সে নিহত মো. মহিবুল্লাহ নগরীর করিম কুটির এলাকার ভাড়াটিয়া ও পটুয়াখালীর জামুরা গ্রামের বাসিন্দা মাওলানা বেলাল গাজীর ছেলে।
সে গোরস্থান রোডের রতন টাওয়ারের তাহীলী হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
মাদরাসাটির আবাসিক শিক্ষক আবুল হাসান জানান, বিদ্যুৎ না থাকায় পানি ছিল না। তাই মাদরাসার ৩২ শিশু-শিক্ষার্থীদের নিয়ে জোহরের নামাজের আগে ওই পুকুরে গোসল করতে যান শিক্ষক ওমর ফারুক। গোসল শেষে তিনি দেখেন, অন্য শিক্ষার্থীদের মাঝে মহিবুল্লাহ নেই। পরে জোহরের নামাজ শেষে পুকুর ঘাটের পাশে মহিবুল্লাহর লাশ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ছেলেটিকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর অভিযোগ, মাদরাসার শিক্ষকদের দায়িত্বে অবহেলার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।
সরেজমিনে মাদরাসায় গিয়ে দেখা যায়, আবাসিক শিক্ষক আবুল হাসান শুয়ে আছেন। তার হাত-পা টিপে দিচ্ছে কয়েকটি শিশু- শিক্ষার্থী।
আবুল হাসান জানান, তিনি অসুস্থ, শিক্ষার্থীরা তাকে সুস্থ করার চেষ্টা করছেন।
পুকুরে শিশুদের গোসলে নিয়ে যাওয়া শিক্ষক ওমর ফারুকও অসুস্থ হয়ে পড়েছেন জানিয়ে আবুল হাসান আরও বলেন, “ওমর ফারুককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, পরিবারের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
