নরসিংদীতে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রীর
সামিয়া বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে হঠাৎ পানিতে তলিয়ে নিখোঁজ হয় বলে জানান ইউপি চেয়ারম্যান।
নরসিংদীর শিবপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার পুরানদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার হাসান উল সানী এলিছ জানান।
নিহত সামিয়া আক্তার (১২) ওই এলাকার স্বপন মিয়ার মেয়ে। সে স্থানীয় বাজনাব আবুল ফায়েজ মোল্লা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান সানী এলিছ বলেন, বাড়ির পাশে মান্নান জাকারিয়ার মালিকানাধীন একটি পুকুরে গোসল করতে নামে সামিয়াসহ তিন শিশু। এ সময় হঠাৎ পানিতে তলিয়ে নিখোঁজ হয় সামিয়া।
তার সঙ্গে থাকা অন্য দুইজন তাকে না দেখে খুঁজতে থাকে। এক পর্যায়ে সামিয়াকে না পেয়ে চিৎকার শুরু করে।
পরে স্থানীয়রা গিয়ে পুকুর থেকে সামিয়ার মরদেহ উদ্ধার করেন বলে জানান এই ইউপি চেয়ারম্যান।
