গোপালগঞ্জে ঘর থেকে নিখোঁজ ২ মাসের শিশুর মরদেহ মিলল খালে
৩০ জুন রাতে বাড়ি থেকে নিখোঁজ হয় দুই মাসের শিশু মাসুমা, এরপর তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না।
গোপালগঞ্জে নিখোঁজের চারদিন পর দুই মাস বয়সী এক শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকালে সদর উপজেলার চরপাথালিয়া গ্রামের একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. খাইরুল আলম।
নিহত শিশুটির নাম মাসুমা। সে চর পাথালিয়া গ্রামের আরিফ হাওলাদারের মেয়ে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ৩০ জুন রাতে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু মাসুমা। এরপর তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তার মা ববিতা খানম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বিকালে বাড়ির পাশের খালে কচুরিপানার মধ্যে শিশুটির মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মাসুমার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তবে কে বা কারা মাসুমাকে খালে ফেলেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি বলে জানান মো. খাইরুল আলম। তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
