কলাপাড়ায় ৫০ মণ জাটকা জব্দ
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা জাটকাসহ একটি ট্রলার রেখে পালিয়ে যায়।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
মঙ্গলবার সকালে আন্ধারমানিক নদী মোহনায় এ অভিযান চালানো হয় বলে নিজামপুর কোস্ট গার্ড স্টেশনের চিফ পেটি অফিসার মো. আরিফ মাহমুদ জানিয়েছেন।
আরিফ মাহমুদ জানান, এলাকার কয়েকজন জাটকা ব্যবসায়ী প্রায়ই অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা নিধন কাজে লিপ্ত রয়েছে।
“গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ডের একটি দল আন্দারমানিক নদীর মোহনায় অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জাটকা শিকারিরা জাটকাসহ একটি ট্রলার রেখে পালিয়ে যায়।”
অন্তত ৫০ মণ জাটকাসহ ট্রলারটি জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।
আরিফ মাহমুদ জানান, পরে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শে জব্দ মাছ মহিপুরসহ উপকূলীয় এলাকার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসাসহ অসহায় ও দুঃস্থ এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে।
